ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিএনপি মনোনীত প্রার্থী কপিল কৃষ্ণের করা আবেদনের শুনানি শেষে আদালত এ আদেশ দেন।
বৃহস্পতিবার (৫ মার্চ) বিচারপতি জাকির হোসেনের একক নির্বাচনি ট্রাইব্যুনাল বেঞ্চ এই নির্দেশ দেন। আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাডভোকেট হাসানুল আলম। আদালতে কপিল কৃষ্ণের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট গাজী মোস্তাক। তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট হাসানুল আলম।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১, চিতলমারী, ফকিরহাট ও মোল্লাহাট উপজেলা নিয়ে গঠিত আসনটিতে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মশিউর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ১৭ হাজার ৯৬৬ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী কপিল কৃষ্ণ পান ১ লাখ ১৪ হাজার ৫৯০ ভোট। এই আসনে মোট ভোটকেন্দ্র ছিল ১৪৭টি।
নির্বাচনের ফল প্রকাশের পর কয়েকটি কেন্দ্রের ঘোষিত ফলাফল নিয়ে আপত্তি তোলেন বিএনপি প্রার্থী কপিল কৃষ্ণ। এ বিষয়ে তিনি নির্বাচন কমিশন সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে অভিযোগ করেন। তবে সেখানে প্রতিকার না পেয়ে শেষ পর্যন্ত হাইকোর্টের নির্বাচনি ট্রাইব্যুনালে ফলাফল চ্যালেঞ্জ করে আবেদন করেন।
ওই আবেদনের শুনানি নিয়ে আদালত বৃহস্পতিবার (৫ মার্চ) বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ দেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট জেলার চারটি আসনের মধ্যে তিনটিতে জয় পেয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থীরা। এর মধ্যে বাগেরহাট-২, সদর ও কচুয়া আসনে শেখ মঞ্জুরুল হক রাহাদ এবং বাগেরহাট-৪, মোরেলগঞ্জ ও শরণখোলা আসনে আব্দুল আলিম জয়ী হন। অন্যদিকে বাগেরহাট-৩, রামপাল ও মোংলা আসনে বিএনপির প্রার্থী শেখ ফরিদুল ইসলাম বিজয়ী হয়েছেন।