লক্ষ্ণীপুরের রায়পুর পৌর শহরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক অটোরিকশা চালকের ঘুষিতে বেলাল হোসেন মিশোরী (৫০) নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে এমন অভিযোগে উত্তেজিত হয়েছেন স্থানীয়রা। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে পৌর শহরের ব্যস্ততম রায়পুর মেইন সড়কে একটি ফলের দোকানের সামনে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে রয়েছে দাবী করেছেন ক্ষতিগ্রস্তরা । তারা জানান, ঘটনার বিচার ও হত্যারকারীকে দ্রুত গ্রেপ্তারের দাবীতে প্রতিবাদে দলীয় নেতাকর্মী ও স্থানীয়রা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। নিহত বেলাল হোসেন মিশোরী রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ও স্থানীয় ব্যবসায়ী ছিলেন। তার আকস্মিক মৃত্যুর ঘটনায় পরিবার, দলীয় নেতাকর্মী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে রায়পুর পৌর শহরের মেইন সড়কে একটি অটোরিকশা দাঁড় করানোকে কেন্দ্র করে তর্ক-বিতর্কের সূত্রপাত হয়। পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শাহ আলম বায়াতির ছেলে আরমান (৩৫) রাস্তার পাশে তার অটোরিকশা দাঁড় করালে একই এলাকার কবির মোহরী (৫৫) নামের এক বৃদ্ধের সঙ্গে তার কথা কাটাকাটি শুরু হয়। প্রথমে বিষয়টি তর্কের মধ্যেই সীমাবদ্ধ থাকলেও কিছুক্ষণ পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত বেলাল হোসেন মিশোরী দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করেন এবং বিষয়টি মীমাংসা করতে এগিয়ে আসেন। কিন্তু অভিযুক্ত আরমান হঠাৎ ক্ষিপ্ত হয়ে বেলাল হোসেনের বুকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়ে গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয় বলে জানান স্থানীয়রা। স্থানীয় দলীয় নেতাকর্মী ও এলাকাবাসী রায়পুর মেইন সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর অভিযুক্ত আরমান পালিয়ে যায়। নিহতের ছোট ভাই হেলাল হোসেন বলেন, “আমার ভাই ঝগড়া থামাতে গিয়েছিল। কিন্তু তাকে অকারণে মারধর করা হয়েছে। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মিয়া বলেন, ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি এবং তদন্ত শুরু করেছি। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্তকে আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।