টিকটকে আত্মহত্যার ভিডিও ধারনের সময় গলায় ফাঁস লেগে শিক্ষার্থীর মৃত্যু

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ৫ মার্চ, ২০২৬, ০৮:৪৪ পিএম
টিকটকে আত্মহত্যার ভিডিও ধারনের সময় গলায় ফাঁস লেগে শিক্ষার্থীর মৃত্যু

টিকটকে আত্মহত্যার ভিডিও ধারনের সময় অসাবধানতাবশত গলায় ফাঁস লেগে টিকটকারের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের পশ্চিম সুজনকাঠী গ্রামে। মৃত রাজ মন্ডল জয় (১৬) ওই গ্রামের হরষিত মন্ডলের একমাত্র ছেলে ও উপজেলা সদরের ভেগাই হালদার পাবলিক একাডেমীর দশম শ্রেণির শিক্ষার্থী। মৃত রাজ মন্ডল জয়ের একটি নিজস্ব টিকটক আইডি রয়েছে। দীর্ঘদিন থেকে ওই আইডিতে সে নিজের তৈরী করা বিভিন্ন ধরনের টিকটকের ভিডিও আপলােড করে নিজেকে ভাইরাল ও টিকটকার হিসেবে পরিচিত করে। স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় তার নিজের বসত ঘরের দ্বিতীয় তলায় টিকটকের জন্য আত্মহত্যার ভিডিও করেত গিয়ে অসাবধানতাবশত গলায় ওড়নায় ফাঁস লেগে যায়।  মৃতের পারিবারিক সূত্রে জানা গেছে, জয় কাঠের ঘরের দ্বিতীয় তলায় তার কক্ষ থেকে দীর্ঘক্ষনেও নিচে না আসায় তার ছোট বোন নুপু মন্ডল রাতে ভাইয়ের খোঁজে দ্বিতীয়তলায় যায়।  এসময় জয়কে ঘরের আড়ার সাথে ঝুলতে দেখে ডাকচিৎকার শুরু করে। পরে পরিবারের সদস্যরা জয়কে উদ্ধার করে রাতেই উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. নাছরিন জাহান নিশা তাকে মৃত বলে ঘােষণা করেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তথ্যের সত্যতা নিশ্চিত করে আগৈলঝাড়া থানার এসআই ওমর ফারুক বলেন, খবর পেয়ে হাসপাতাল থেকে মৃতের মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে পরিবারের কোন অভিযোগ না থাকায় আইনী প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় মৃতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে