শ্রীমঙ্গলে চোরাই রাবার ও সাবমারসিবল পাম্পসহ আটক ৬

এফএনএস (আতাউর রহমান কাজল; শ্রীমঙ্গল, মৌলভী বাজার) : | প্রকাশ: ৬ মার্চ, ২০২৬, ০৩:৩৪ পিএম
শ্রীমঙ্গলে চোরাই রাবার ও সাবমারসিবল পাম্পসহ আটক ৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে থানা পুলিশের পৃথক অভিযানে চোরাই রাবার, সাবমারসিবল পাম্প ও ইলেকট্রিক ক্যাবল উদ্ধারসহ বিভিন্ন মামলায় মোট ৬ জনকে আটক করা হয়েছে। শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান , শ্রীমঙ্গল থানা পুলিশের সাব-ইন্সপেক্টর দেলোয়ার হোসেনের নেতৃত্বে একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ৫ মার্চ  বিকেল ৪টার দিকে উপজেলার সিন্দুরখান ইউনিয়নের কুঞ্জবন এলাকা থেকে রোয়েল মিয়া (৩২) নামের এক ব্যক্তিকে আটক করে। এ সময় তার কাছ থেকে ২ বস্তা চোরাই রাবার উদ্ধার করা হয়, যার ওজন প্রায় ৭০ কেজি এবং আনুমানিক মূল্য ২১ হাজার টাকা। আটক রোয়েল মিয়া কুঞ্জবন এলাকার ইউসুফ আলীর ছেলে। অপরদিকে, শ্রীমঙ্গল থানা পুলিশের আরেকটি অভিযানিক দল সাব-ইন্সপেক্টর হারুন অর রশিদের নেতৃত্বে ৬ মার্চ রাত আনুমানিক আড়াইটার দিকে শ্রীমঙ্গল উপজেলার রাধানগর এলাকার একটি লেবু বাগানে অভিযান চালায়। এ সময় মো. সুমন মিয়া (২২) ও মো. রিপন মিয়া (১৯) নামে দুই ব্যক্তিকে আটক করা হয়। তারা হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার সুজাতপুর এলাকার মোহাম্মদ আলীর ছেলে। তাদের কাছ থেকে একটি সাবমারসিবল পাম্প ও ইলেকট্রিক ক্যাবল উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ২৫ হাজার টাকা। এছাড়া গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিদের বিরুদ্ধে পরিচালিত অভিযানে জিআর ওয়ারেন্টভুক্ত ২ জন এবং সিআর ওয়ারেন্টভুক্ত ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে মোট ৬ জনকে আটক করা হয়েছে। আটক আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে যথাযথ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আপনার জেলার সংবাদ পড়তে