হবিগঞ্জ সীমান্তে

জ্বালানি তেল ও পণ্য পাচার রোধে বিজিবির কড়াকড়ি

এফএনএস (মোঃ আলাউদ্দিন রনি; মাধবপুর, হবিগঞ্জ) : | প্রকাশ: ৬ মার্চ, ২০২৬, ১০:৪৭ পিএম
জ্বালানি তেল ও পণ্য পাচার রোধে বিজিবির কড়াকড়ি

হবিগঞ্জ সীমান্ত এলাকায় জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য পাচার রোধে কঠোর পদক্ষেপ নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সরাইল রিজিয়নের শ্রীমঙ্গল সেক্টরের অধীনস্থ ৫৫ বিজিবি (হবিগঞ্জ ব্যাটালিয়ন) তাদের দায়িত্বাধীন প্রায় ১০৩ কিলোমিটার সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা জোরদার করেছে। বিজিবি সূত্রে জানা যায়, সদর দপ্তরের নির্দেশনা ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তত্ত্বাবধানে সীমান্ত এলাকায় দিবারাত্রি পাহারার পাশাপাশি বিশেষ নজরদারি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সীমান্তের জিরো লাইন থেকে অভ্যন্তরের ৮ কিলোমিটার এলাকায় বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়েছে এবং মোবাইল পেট্রোল বৃদ্ধি করে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে। বিশেষ করে বাল্লা আইসিপি (ওঈচ) ও আশপাশের দুর্গম এলাকাগুলোতে পাহারার মাত্রা দ্বিগুণ করা হয়েছে। একই সঙ্গে সীমান্ত সংলগ্ন এলাকায় অস্বাভাবিক পরিমাণে জ্বালানি তেল ক্রয় বা ড্রামে মজুত করে পাচারের সুযোগ সৃষ্টি করা হচ্ছে কি না-সেদিকেও কড়া নজর রাখা হচ্ছে। ৫৫ বিজিবি (হবিগঞ্জ ব্যাটালিয়ন)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান জানান, বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী দেশের জ্বালানি ও সম্পদ রক্ষায় বাহিনী বদ্ধপরিকর। তিনি বলেন, সরাইল রিজিয়ন ও শ্রীমঙ্গল সেক্টরের সার্বিক নির্দেশনায় তাদের দায়িত্বাধীন সীমান্ত এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা বজায় রাখা হচ্ছে এবং জ্বালানি তেল পাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হয়েছে। তিনি আরও বলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি অবৈধভাবে জাতীয় সম্পদ পাচারের চেষ্টা করে, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে