শ্রীনগরে গুলিবর্ষণের ঘটনায় ৩ জন গ্রেফতার, আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার

প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশ: ৯ মার্চ, ২০২৬, ০৭:৫৫ পিএম
শ্রীনগরে গুলিবর্ষণের ঘটনায় ৩ জন গ্রেফতার, আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার

মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলায় স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘটিত গুলিবর্ষণের ঘটনায় র‌্যাব-১০ ও শ্রীনগর থানা পুলিশের যৌথ অভিযানে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গোলাবারুদ এবং যোগাযোগের সরঞ্জাম উদ্ধার করা হয়। রোববার (০৮ মার্চ) রাতে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন বাঘড়া ইউনিয়নের রুদ্রপাড়া গ্রামের বালুর মাঠের সামনে উপর স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও কথা কাটাকাটির ঘটনা ঘটে। প্রাথমিক তথ্যানুসন্ধানে জানা যায়, রুদ্রপাড়া গ্রামের বাসিন্দা আব্দুল মান্নান খান (৬০), হারুন খান (৮০) ও মহসিন খান (২৯)’সহ ৭/৮ জনের একটি পক্ষ এবং মিজান খান (৪০) এর পক্ষের মধ্যে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলছিল। উক্ত বিরোধের জের ধরে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে হারুন খান (৮০) তার লাইসেন্সকৃত একনালা বন্দুক থেকে পরপর কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলে উপস্থিত মিজান খান (৩৭), জয়সন বেগম (৬০) ও মিনু বেগম (৫০) গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। আহতদের স্থানীয় লোকজন উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ঘটনার সংবাদ প্রাপ্তির পরপরই র‌্যাব-১০ এর সিপিসি-২ শ্রীনগর ক্যাম্পের একটি আভিযানিক দল এবং শ্রীনগর থানা পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে। অভিযানে ঘটনায় জড়িত ১। আব্দুল মান্নান খান (৬০), পিতা- আবুল খান, ২। হারুন খান (৮০), পিতা- সরল খান ও ৩। মহসিন খান (২৯), পিতা- সাদেক খান, সকলের গ্রাম- রুদ্রপাড়া, বাঘড়া, থানা- শ্রীনগর, জেলা- মুন্সিগঞ্জ’গণকে গ্রেফতার করা হয়। এসময় গ্রেফতারকৃতদের নিকট থেকে ১টি একনালা বন্দুক, ১টি পিস্তল, ২১ রাউন্ড গুলি, ৬১ রাউন্ড গুলি, ৯টি গুলির খোসা, ১টি ওয়াকি-টকি সেট ও চার্জার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত র‌্যাব ও শ্রীনগর থানা পুলিশের উপস্থিতিতে যথাযথভাবে জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শ্রীনগর থানায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার সাথে জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সন্ত্রাস ও অবৈধ অস্ত্র দমন এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা বদ্ধপরিকর।

আপনার জেলার সংবাদ পড়তে