মধ্যপ্রাচ্যে চলমান নিরাপত্তা পরিস্থিতির প্রভাবে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা দ্রুত বাড়ছে। গত ১১ দিনে এখানে মোট ৩৬৭টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে যাত্রীদের ভোগান্তিও বেড়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১০ মার্চ) একদিনেই ৩২টি ফ্লাইট বাতিল হয়েছে। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়, মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ তাদের আকাশসীমা বন্ধ করে দেওয়ায় ঢাকার এই বিমানবন্দর থেকেও সংশ্লিষ্ট রুটের অনেক ফ্লাইট স্থগিত করতে হয়েছে।
বেবিচকের তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতির কারণে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করে। এসব দেশের আকাশপথ ব্যবহার করে পরিচালিত অনেক ফ্লাইট বাধ্য হয়ে বাতিল করতে হয়েছে।
বিভিন্ন দিনে বাতিল হওয়া ফ্লাইটের সংখ্যাও উল্লেখযোগ্য। ২৮ ফেব্রুয়ারি ২৩টি ফ্লাইট বাতিল হয়। এরপর ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি, ৮ মার্চ ২৮টি এবং ৯ মার্চ ৩৩টি ফ্লাইট বাতিল করা হয়। সর্বশেষ মঙ্গলবার (১০ মার্চ) আরও ৩২টি ফ্লাইট বাতিল হওয়ায় মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩৬৭টিতে।
তবে পুরোপুরি বিমান চলাচল বন্ধ হয়ে যায়নি। বিমানবন্দর সূত্র জানিয়েছে, বিকল্প রুট ব্যবহার করে কিছু ফ্লাইট পরিচালনার চেষ্টা চলছে। বিশেষ করে মাস্কাট ও সৌদি আরবের কয়েকটি গন্তব্যে সীমিত পরিসরে ফ্লাইট চলাচল অব্যাহত রয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট এয়ারলাইনসগুলো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। আকাশসীমা পুনরায় স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট সূচিতে অনিশ্চয়তা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ অবস্থায় যাত্রীদের ভ্রমণের আগে নিজ নিজ এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করে সর্বশেষ তথ্য জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।