সিলেটে সুস্থ সংস্কৃতির বিকাশে প্রত্যয়দীপ্ত সংগঠন দিশারী শিল্পীগোষ্ঠীর উদ্যোগে শুভাকাঙ্ক্ষী ও শিল্পীদের সম্মানে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যায় নগরীর জিন্দাবাজারস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে আয়োজিত এ ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে দিশারী শিল্পীগোষ্ঠীর চেয়ারম্যান শহীদুল ইসলাম সাজু বলেন, সংস্কৃতি আমাদের সমাজের অবিচ্ছেদ্য অংশ। সংস্কৃতি ছাড়া কোনো সমাজ টিকে থাকতে পারে না। তাই ইসলামের সাথে সামঞ্জস্য রেখে সুস্থ সংস্কৃতির চর্চা চালিয়ে যেতে হবে।
তিনি বলেন, অসুস্থ সংস্কৃতির প্রভাবে আজকের তরুণ প্রজন্ম ও যুবসমাজ বিভ্রান্তির পথে এগিয়ে যাচ্ছে। তাদেরকে নৈতিক অবক্ষয়ের হাত থেকে রক্ষা করতে সুস্থ সংস্কৃতির বিকল্প নেই। দুনিয়ার চাকচিক্যে মুগ্ধ হয়ে পরকালকে ভুলে গেলে চলবে না। ইসলামের সাথে সামঞ্জস্যপূর্ণ সংস্কৃতি চর্চা ইহকালীন সাফল্য ও পরকালীন মুক্তি নিশ্চিত করতে পারে।
দিশারী শিল্পীগোষ্ঠীর পরিচালক আব্দুল হাদি চৌধুরীর সভাপতিত্বে এবং সহকারী পরিচালক মাসিহুর রহমান নাফি ও প্রশিক্ষণ সম্পাদক নুরুল আযহার রাফির যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা তোফায়েল আহমদ, সাবেক পরিচালক ও সমন্বিত সাংস্কৃতিক সংসদ-সসাসের শিশু-কিশোর বিভাগের পরিচালক আলিফ নুর, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফাতির আহমদ এবং দিশারীর সাবেক পরিচালক সানাউল ইসলাম সুয়েজ।
অনুষ্ঠানের শুরুতে দিশারীর শিল্পী হাফেজ রাশেদ ইকবালের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে মাহফিল সূচিত হয়। পরে ইসলামী সংগীত পরিবেশন করেন দিশারীর ক্ষুদে শিল্পী তামজিদ খান। মোনাজাত পরিচালনা করেন অভিভাবক প্রতিনিধি মাওলানা শাহ মাহমুদুল হক।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিশারীর সাবেক পরিচালক হোসাইন শাহরিয়ার রাজী, অভিভাবক প্রতিনিধি নুরুল হক, সাংবাদিক ও অভিভাবক প্রতিনিধি এমজেএইচ জামিল, সাংবাদিক মুনশী ইকবাল ও জয়নাল আবেদীন আজাদসহ দিশারীর সাবেক দায়িত্বশীল শাহনেওয়াজ চৌধুরী রাজিব, শাহ ফাহিম মাহমুদ ও সাইয়্যিদ শাহীন প্রমুখ।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।