সিলেটে দিনদুপুরে ব্যাগ ছিনতাই, আটক ১

এফএনএস (এইচ এম শহিদুল ইসলাম; সিলেট) : | প্রকাশ: ১১ মার্চ, ২০২৬, ০৪:৪৪ পিএম
সিলেটে দিনদুপুরে ব্যাগ ছিনতাই, আটক ১

সিলেট নগরের হাউজিং এস্টেট এলাকায় প্রকাশ্যে দিনদুপুরে এক নারীর ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় সিসিটিভিতে দেখা সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তি আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে। বুধবার (১১ মার্চ) ভোরে সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানা পুলিশের একটি দল কানাইঘাট থানা পুলিশের সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তাকে সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানায় নিয়ে আসা হয়েছে। আটককৃত রশিদ আহমদ ওরফে রশিদ আলী সিলেট জেলার কানাইঘাট থানার বিষ্ণুপুর এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা যায়, রশিদ আলী একটি আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। হাউজিং এস্টেট এলাকায় সিএনজি অটোরিকশা থামিয়ে ব্যাগ ছিনিয়ে নেওয়ার ঘটনায় সিসিটিভি ফুটেজে যাকে দেখা গেছে, তিনি রশিদ আলী বলে ধারণা করছে পুলিশ। ঘটনার বিবরণে জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি নগরের হাউজিং এস্টেট এলাকার ভেতরের সড়কে সিএনজিচালিত অটোরিকশার গতিরোধ করে ছিনতাইয়ের ঘটনা ঘটে। তিনটি মোটরসাইকেলে করে আসা ছয়জন ব্যক্তি অটোরিকশাটি থামিয়ে যাত্রী ইয়াসমিন আক্তারের কাছ থেকে একটি ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেয়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, একটি অটোরিকশা হাউজিং এস্টেটের ভেতরের সড়ক দিয়ে যাওয়ার সময় তিনটি মোটরসাইকেলে কয়েকজন ব্যক্তি এসে সেটির গতিরোধ করে। তাদের মধ্যে একজন মোটরসাইকেল থেকে নেমে অটোরিকশার ভেতরে থাকা ব্যাগটি ধরে টানাটানি শুরু করে। কিছুক্ষণ টানাহেঁচড়ার পর ব্যাগটি নিয়ে মোটরসাইকেল আরোহীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ সময় অটোরিকশা থেকে নেমে ভুক্তভোগী নারীকে চিৎকার করতে দেখা যায়। পরে এ ঘটনায় কর পরিদর্শক ইয়াসমিন আক্তার বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি সূত্রে জানা যায়, অফিস থেকে সিএনজিচালিত অটোরিকশায় বাসায় ফেরার পথে কয়েকজন ব্যক্তি তার অটোরিকশা থামিয়ে ভ্যানিটি ব্যাগটি ছিনিয়ে নেয়। ব্যাগে আনুমানিক ১৫ থেকে ২০ হাজার টাকা, স্বাক্ষর করা কয়েকটি চেকপাতা, একটি আইফোন ও এটিএম কার্ড ছিল। পরে ছিনতাইকারীরা টাকা নিয়ে আইফোন ও এটিএম কার্ড একটি রেস্টুরেন্টের সামনে ফেলে যায় বলে জানা গেছে। পুলিশের একটি সূত্র ঘটনার সত্যতা নিশ্চিত করলেও এ বিষয়ে বিস্তারিত তথ্য এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে শিগগিরই প্রেস ব্রিফিং করা হতে পারে বলে জানা গেছে।

আপনার জেলার সংবাদ পড়তে