ঈদ ঘিরে লাইটিংয়ে ঝলমল সিলেটের মার্কেট ও সড়ক

এফএনএস (এইচ এম শহিদুল ইসলাম; সিলেট) : | প্রকাশ: ১১ মার্চ, ২০২৬, ০৭:৪৯ পিএম
ঈদ ঘিরে লাইটিংয়ে ঝলমল সিলেটের মার্কেট ও সড়ক

ঈদুল ফিতরকে সামনে রেখে আলোকসজ্জায় ঝলমল করছে সিলেট নগরীর বিভিন্ন সড়ক ও মার্কেট এলাকা। সরকার বিদ্যুৎ সাশ্রয়ের জন্য অতিরিক্ত আলোকসজ্জা নিরুৎসাহিত করলেও নগরীর বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকায় সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত জ্বলছে নানা রঙের লাইট। এতে পুরো এলাকাজুড়ে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। বিশেষ করে জিন্দাবাজার, কুমার পাড়া, নয়া সড়ক ও লামাবাজার এলাকায় সড়ক ও ভবনের সামনে ঝলমলে লাইটিং চোখে পড়ছে। দোকানপাট ও মার্কেটগুলোর প্রবেশপথে লাগানো হয়েছে রঙিন বাতি ও আলোকসজ্জা। সন্ধ্যা নামতেই এসব এলাকায় জ্বলে ওঠে লাল, নীল, সবুজসহ বিভিন্ন রঙের লাইট, যা পুরো এলাকাকে করে তোলে আলোকিত। ঈদ উপলক্ষে ক্রেতাদের আকর্ষণ করতেই মূলত এই আলোকসজ্জা করা হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তাদের মতে, ঈদের কেনাকাটার মৌসুমে এমন লাইটিং মার্কেটের সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি ক্রেতাদের আগ্রহও বাড়িয়ে দেয়। সরেজমিনে দেখা যায়, সন্ধ্যার পর থেকেই এসব এলাকায় ক্রেতাদের ভিড় বাড়তে শুরু করে। গভীর রাত পর্যন্ত মার্কেট ও দোকানগুলোতে চলে কেনাবেচা। পরিবার-পরিজন নিয়ে অনেকেই ঈদের পোশাক, জুতা ও অন্যান্য প্রয়োজনীয় জিনিস কিনতে ভিড় করছেন। মিজানুর রহমান নামের একজন ব্যবসায়ী বলেন, ঈদ সামনে রেখে প্রতি বছরই আমরা মার্কেট সাজাই। এতে ক্রেতারা আকৃষ্ট হন এবং কেনাকাটার পরিবেশও উৎসবমুখর হয়ে ওঠে। অন্যদিকে ক্রেতারাও জানান, আলোকসজ্জায় সজ্জিত মার্কেট এলাকায় কেনাকাটা করতে ভালো লাগে। অনেকেই পরিবারের সদস্যদের নিয়ে রাতে বের হয়ে কেনাকাটা করছেন। তবে বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়ে সচেতন মহলের অনেকে উদ্বেগও প্রকাশ করেছেন। তাদের মতে, ঈদের আনন্দ থাকলেও অপ্রয়োজনীয় লাইটিং কমিয়ে বিদ্যুৎ ব্যবহারে সংযত হওয়া প্রয়োজন। সব মিলিয়ে ঈদ যত ঘনিয়ে আসছে, ততই জমে উঠছে সিলেট নগরীর মার্কেট ও সড়কগুলো। আলোকসজ্জা, ক্রেতাদের ভিড় এবং গভীর রাত পর্যন্ত কেনাকাটার ব্যস্ততায় নগরজুড়ে তৈরি হয়েছে এক ভিন্ন উৎসবের আমেজ।

আপনার জেলার সংবাদ পড়তে