সিলেট মহানগরীতে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ৭০টি মোবাইল ফোন উদ্ধার করেছে ডিবি সাইবার ক্রাইম ইউনিট। বৃহস্পতিবার (১২ মার্চ) পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরীর উপস্থিতিতে উদ্ধার হওয়া ফোনগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ জানায়, হারানো মোবাইল ফোনের বিষয়ে দায়ের করা সাধারণ ডায়েরি (জিডি) এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় গত ২০ দিনে এসব মোবাইল ফোন উদ্ধার করা সম্ভব হয়েছে। গত ২২ ফেব্রুয়ারি পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী একটি বিশেষ মোবাইল ফোন উদ্ধার টিম গঠন করেন এবং প্রতি মাসে অন্তত ১০০টি মোবাইল ফোন উদ্ধারের পরিকল্পনা গ্রহণ করেন। সিলেট মহানগরের ছয়টি থানায় দায়ের হওয়া মোট ৩৯৬টি জিডি পর্যালোচনা করে ৭০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এর মধ্যে আনুষ্ঠানিকভাবে ৫০টি মোবাইল ফোন মালিকদের হাতে তুলে দেওয়া হয়েছে। বাকি ২০টি ফোন সংশ্লিষ্ট মালিকরা ইতোমধ্যে নিজ উদ্যোগে সংগ্রহ করেছেন।