চ্যালেঞ্জের গল্প, সম্ভাবনার পথ সিলেটে নারী নেত্রীদের সংলাপ

এফএনএস (এইচ এম শহীদুল ইসলাম; সিলেট) : | প্রকাশ: ১২ মার্চ, ২০২৬, ০৯:৫৪ পিএম
চ্যালেঞ্জের গল্প, সম্ভাবনার পথ সিলেটে নারী নেত্রীদের সংলাপ

পেশাগত সংগ্রাম, সামাজিক বাধা আর ব্যক্তিগত জীবনের নানা বাস্তবতার গল্প। এসব নিয়েই সিলেটে বসেছিল এক ভিন্নধর্মী সংলাপের আসর। আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উপলক্ষে নারীনেত্রীদের অংশগ্রহণে এই সংলাপ আয়োজন করে রিলায়েন্ট উইমেন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (আরডব্লিউডিও) সিলেট। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে সিলেটের সারদা হলে অনুষ্ঠিত এ সংলাপ অধিবেশনে বিভিন্ন পেশা ও সামাজিক ক্ষেত্র থেকে আসা নারীরা তাদের অভিজ্ঞতা, সংগ্রাম ও সাফল্যের গল্প তুলে ধরেন।

আরডব্লিউডিওর নির্বাহী পরিচালক সমীতা বেগম মীরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শাহিনা আক্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) সিলেটের সভাপতি ও জেলা জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শিরীন আক্তার, কেন্দ্রীয় মহিলা দলের সহসভাপতি সামিয়া চৌধুরী, ৬নং টুকের বাজার ইউনিয়নের মেম্বার দিপালী গোয়ালা, সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের সাধারণ সম্পাদক শাকিলা ববি এবং হিজড়া যুব কল্যাণ সংস্থার নির্বাহী সদস্য তাসনিয়া ফারিন।

‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার-সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সংলাপে উঠে আসে সরকারি চাকরিতে নারীদের সুযোগ ও প্রতিবন্ধকতা, নারী আইনজীবীদের পেশাগত চ্যালেঞ্জ, ইউনিয়ন পরিষদে জনপ্রতিনিধি হিসেবে নারীদের ভূমিকা ও সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ, সাংবাদিকতা পেশায় নারীদের বাস্তবতা, রাজনীতিতে নারীদের অবস্থান এবং সমাজে টিকে থাকতে হিজড়া জনগোষ্ঠীর নানা বাধা-বিপত্তির বিষয়।

আলোচকরা বলেন, নারীরা আজ বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে গেলেও সামাজিক ও প্রাতিষ্ঠানিক নানা বাধা এখনও তাদের পথকে কঠিন করে তোলে। তবে অভিজ্ঞতা ও সাহসই এসব চ্যালেঞ্জ মোকাবিলার শক্তি জোগায়। অনুষ্ঠানটি পরিচালনা করেন আরডব্লিউডিওর স্বাধীনতা প্রকল্পের ভলান্টিয়ার নাফিসা তানজীন। শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন সংস্থাটির প্রজেক্ট ফোকাল মো. জাহিদুল ইসলাম রশিদ।মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)-এর সহযোগিতায় এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সার্বিক সহায়তায় এ আয়োজন অনুষ্ঠিত হয়। সংলাপ শেষে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে