ময়মনসিংহের গফরগাঁওয়ে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আনুষ্ঠানিকভাবে এ কৃষি প্রণোদনা কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাকুরা নাম্নী। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকসহ এলাকায় কৃষকরা উপস্থিত ছিলেন। উপকারভোগী কৃষকরা বিনামূল্যে বিভিন্ন হলুদ ও পাট ফসলের বীজ, সার পেয়ে খুশি। তারা জানান, এই সহায়তা তাঁদের উৎপাদন ব্যয় কমাতে ও ফলন বৃদ্ধি করতে সহায়ক হবে। উপজেলা কৃষি কর্মকর্তা শাকুরা নাম্নী জানান, ২০২৫-২০২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এ উপজেলায় মোট ২০ জন কৃষককে হলুদ বীজ ও সার এবং ৬০ জন কৃষকদের পাট বীজ ও সার বিতরণ করা হয়েছে।