গফরগাঁওয়ে

প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভিজিএফ চাল বিতরণ

এফএনএস (রফিকুল ইসলাম খান; গফরগাঁও, ময়মনসিংহ) : | প্রকাশ: ১৫ মার্চ, ২০২৬, ০১:৩৪ পিএম
প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভিজিএফ চাল বিতরণ

ময়মনসিংহের গফরগাঁওয়ে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার হিসেবে উপজেলায় ৩টি ইউনিয়নের ৪ হাজার ২৪৬ জন হতদরিদ্র পরিবারের সদস্যদের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। গত শনিবার (১৪ মার্চ) দিনব্যাপী উপজেলায় লংগাইর, টাংগাব ও দওেরবাজার ইউনিয়নে এ ভিজিএফের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা দক্ষিণ বিএনপির সম্মানিত সদস্য ও ময়মনসিংহ-১০ (গফরগাঁও-পাগলা) আসনের সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু। এ সময় উপস্থিত ছিলেন লংগাইর ও টাংগাব ইউনিয়নের প্রশাসক ফজলুর রহমান ও দত্তের বাজার ইউনিয়নের প্রশাসক আহসান হাবিব, তিন ইউপির সচিব ও সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা। ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠানে সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার একটি ক্ষুধা ও দুর্নীতিমুক্ত দেশ গঠনে কাজ শুরু করেছে। জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহার হিসেবে হতদরিদ্র পরিবারের মধ্যে বিশেষ ভিজিএফ চাল বিতরণে উদ্যোগ নেয়া হয়েছে। এই উদ্যোগের অংশ হিসেবে গফরগাঁও উপজেলার লংগাইর ইউনিয়নের ১ হাজার ১৮৬ জন, টাংগাব ইউনিয়নের ১ হাজার ৪৯৬ জন ও দত্তের বাজার ইউনিয়নের ১ হাজার ৫৬৪ জন পরিবারকে এ সহায়তায় আওতায় আনা হয়েছে। এই উদ্যোগে প্রত্যেক পরিবারকে ১০ কেজি করে চাল দেয়া হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলার ১৫টি ইউনিয়নের ২০ হাজার ৪৬১ জন পরিবারের সদস্যদের মাঝে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ শুরু হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে