বরিশালে হানিফ পরিবহনের ২১ যাত্রীর কাছ থেকে আদায় করা বাড়তি ভাড়া ফিরিয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। একইসাথে অভিযানে অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অপরাধে চারটি পরিবহনের দায়িত্বরত স্টাফদের কাছ থেকে অর্থদন্ড আদায় করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে বরিশালের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে বরিশাল জেলা প্রশাসন ও বিআরটিএ'র কর্মকর্তারা যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। বিআরটিএ বরিশাল জেলা কার্যালয়ের পরিদর্শক সৌরভ সাহা বলেন, ঢাকা থেকে হানিফ পরিবহনের একটি বাস স্বরূপকাঠীর উদ্দেশ্য ছেড়ে আসে। বাসে থাকা ২১ জন যাত্রীর বরিশালে নামার কথা। সেই হিসেবে তাদের কাছ থেকে সরকার নির্ধারিত ৫৬৫ টাকা করে ভাড়া নেওয়ার কথা। কিন্তু তাদের প্রত্যেকের কাছ থেকে ২০০ টাকা করে বাড়তি ভাড়া আদায় করা হয়েছে। তিনি আরও বলেন, ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বাসে প্রবেশ করে যাত্রীদের কাছ থেকে ভাড়ার বিষয়ে জানতে চাইলে তারা বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেন। পরে হানিফ পরিবহনের দায়িত্বরত সুপারভাইজারের কাছ থেকে পাঁচ হাজার টাকা জরিমানা আদায়সহ ২০০ টাকা করে ২১ যাত্রীকে ফিরিয়ে দেওয়া হয়। পাশাপাশি শ্যামলী পরিবহনের দুইটি ও মেঘনা পরিবহনের একটি বাসের সুপারভাইজারের কাছ থেকে চার হাজার টাকা জরিমানা আদায় করা হয়। বিআরটিএ বরিশাল জেলা কার্যালয়ের পরিদর্শক সৌরভ সাহা আরও বলেন, পবিত্র ঈদ-উল ফিতরে বাড়তি ভাড়া আদায় বন্ধসহ সড়কে শৃঙ্খলা রক্ষায় খাদ্য অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব হরেকৃষ্ণ অধিকারীকে বরিশালে নিযুক্ত করা হয়েছে। তিনি ১৬ থেকে আগামী ২৪ মার্চ পর্যন্ত বরিশালে দায়িত্ব পালন করবেন। ঢাকা থেকে নিযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জেলা প্রশাসনের সমন্বয়ে প্রতিদিন এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।