বাবুগঞ্জে জামায়াতের আমীর রফিকুল ইসলামের পরিবর্তনের অঙ্গীকার

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম; বাবুগঞ্জ, বরিশাল) : | প্রকাশ: ১৮ মার্চ, ২০২৬, ১০:৪৮ এএম
বাবুগঞ্জে জামায়াতের আমীর রফিকুল ইসলামের পরিবর্তনের অঙ্গীকার

বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাবুগঞ্জ উপজেলা শাখার আমীর মাওলানা মুহাম্মদ রফিকুল ইসলাম। তিনি ইউনিয়নে সুশাসন প্রতিষ্ঠা ও অবকাঠামোগত উন্নয়নের অঙ্গীকার তুলে ধরেছেন। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে চাঁদপাশা ইউনিয়নের বেশিরভাগ সড়কই জরাজীর্ণ অবস্থায় রয়েছে। বর্ষা মৌসুমে এসব সড়কে চলাচল প্রায় অচল হয়ে পড়ে। এছাড়া নাগরিক সেবা পেতে বিলম্ব, জন্মনিবন্ধনসহ বিভিন্ন সেবায় অনিয়ম ও অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগও রয়েছে। এ পরিস্থিতিতে পরিবর্তনের প্রত্যাশা থেকে স্থানীয়দের একটি অংশ নতুন নেতৃত্বের দাবি তুলছেন।  প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম বলেন, নির্বাচিত হলে তিনি একটি দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক ইউনিয়ন পরিষদ গড়ে তুলবেন। সড়ক যোগাযোগের উন্নয়ন, সেবাপ্রাপ্তি সহজীকরণ এবং জনগণের হয়রানি বন্ধে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি। তিনি আরও বলেন, ইউনিয়নের প্রতিটি নাগরিক যেন সমানভাবে সেবা পায়, সেটিই হবে আমার প্রধান লক্ষ্য। এদিকে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তিনি চাঁদপাশা ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন এবং একটি উন্নত, বৈষম্যহীন ও জনবান্ধব ইউনিয়ন গঠনে সবার সহযোগিতা কামনা করেছেন। স্থানীয় পর্যায়ে অবকাঠামোগত দুর্বলতা ও সেবার অনিয়মকে ইস্যু করে নির্বাচনী মাঠে সক্রিয় হওয়ার ইঙ্গিত দিচ্ছেন প্রার্থী। তবে এসব প্রতিশ্রুতি বাস্তবায়নে তাঁর পরিকল্পনা ও সক্ষমতা কতটা কার্যকর হবে, সেটিই এখন দেখার বিষয়।

আপনার জেলার সংবাদ পড়তে