তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, দীর্ঘ বছর পরে আমাদের মধ্যে আনন্দ ঘন পরিবেশ বিনিময় করার জন্য যেই পরিবেশ আমরা পেয়েছি, এই পরিবেশকে আমাদের ধরে রাখতে হবে। এই পরিবেশ যেন আমরা দীর্ঘায়িত করতে পারি। যারা আজকে মসজিদে ঈদের নামাজে উপস্থিত থাকতে পারেন নাই, আমি তাদের জন্য আরো দুঃখ পাই। এই জন্যতো আমরা দায়ী না। যার যার আচরনের কারনেই তারা এই পরিবেশ তৈরি করেছে। তবে আমরা ওয়াদা করছি ভবিষ্যতে আমরা এইখানে একটা সৌহাদ্যপূর্ন পরিবেশ তৈরি করবো যাতে সকল চিন্তা, সকল মতের মানুষ যারা আইন মানে তারা সবাই যেন আমরা একসাথে থাকতে পারি। শনিবার (২১) মার্চ নিজ বরিশালের গৌরনদী সরকারী কলেজ জামে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজের পূর্বে আলোচনা সভায় তথ্যমন্ত্রী এই কথা বলেন। নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নে তথ্যমন্ত্রী বলেন, প্রায় দুই দশকের প্রতিকূল পরিবেশের পর জনগনের ভোটে আমরা একটা নির্বাচিত সরকার পেয়েছি। দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের পর এই প্রথম একটা ধর্মীয় উৎসবে মিলিত হতে পেরেছি। এটা আমাদের জন্য একটা সৌভাগ্য যে সরকারের যাত্রালগ্নে ঈদুল ফিতরের আনন্দ সবার সঙ্গে ভাগ করার সুযোগ পেয়েছি। সরকার যাতে বাংলাদেশের জন্য, দেশের জনগনের জন্য সঠিক ভাবে কাজ করতে পারে সে জন্য তিনি সকলের কাছে ঈদুল ফিতরের মোনাজাতে দোয়া কামনা করেন। এসময় তথ্যমন্ত্রী নামাজে আসা মুসল্লী, দলীয় নেতাকর্মী সহ সর্বসাধারনের সঙ্গে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেন এবং নিজ নির্বাচনী এলাকা বরিশাল-১ আসনের সর্বস্তরের জনগণ ও দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।