শেরপুরে তেলের ট্যাংক বানিয়ে ডিজেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : | প্রকাশ: ২৭ মার্চ, ২০২৬, ১১:৩৫ এএম
শেরপুরে তেলের ট্যাংক বানিয়ে ডিজেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা

শেরপুর শহরের একটি পাঁচতলা আবাসিক ভবনের নিচতলায় ট্যাংক বানিয়ে ১৮ হাজার লিটার ডিজেল মজুত করার অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে শহরের গোপালবাড়ী এলাকায় অভিযান চালিয়ে মেসার্স শিমলা ট্রেডার্সের মালিক তাপস নন্দীকে ১০ হাজার টাকা জরিমানা করেন আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অবৈধভাবে আবাসিক ভবনের নিচতলায় ২৫ হাজার লিটার তেলের ট্যাংক বানিয়ে ডিজেল মজুত করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন তাপস নন্দী ও শফিকুল ইসলাম হেলাল। সেখানে প্রায় ১৮ হাজার লিটার ডিজেল মজুত ছিল। বৃহস্পতিবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় শেরপুর জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এসময় পরিবেশগত ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে আবাসিক বাসার নিচে ডিজেলের মজুতের অপরাধে ওই ব্যবসায়ীকে অর্থদণ্ড দেওয়া হয়। পাশাপাশি শুক্রবারের মধ্যে তেল ও ট্যাংক সরানোর নির্দেশ দেওয়া হয়। এ বিষয়ে নির্বাহী  শেরপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান বলেন, নিয়ম না মেনে দাহ্য পদার্থ বিক্রির অপরাধে মেসার্স শিমলা ট্রেডার্সকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। মজুত ডিজেল শুক্রবার বিকেলের মধ্যে সরিয়ে নেওয়ার আদেশ দেয়া হয়েছে। যেহেতু, এটা দাহ্য পদার্থ তাই আবাসিক বিল্ডিং এ যারা রয়েছেন তাদের নিরাপত্তার জন্য দ্রুত সময়ের মধ্যেই সব করা হবে। তেল সরিয়ে নেয়ার সময়েও আমাদের নজরদারি থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে