গফরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৩

এফএনএস (রফিকুল ইসলাম খান; গফরগাঁও, ময়মনসিংহ) : | প্রকাশ: ২৭ মার্চ, ২০২৬, ১১:৫৭ পিএম
গফরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৩

ময়মনসিংহের গফরগাঁওয়ে জমির সীমানা বিরোধকে কেন্দ্র করে বাকপ্রতিবন্ধী এক যুবককে তুলে এনে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষে সন্ত্রাসীরা। ঘটনাটি গত বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবাগত রাতে উপজেলার গফরগাঁও ইউনিয়নের পড়শীপাড়া এলাকার ঘটে। নিহত বাকপ্রতিবন্ধী যুবক আলম (৩০) পড়শীপাড়া এলাকায় সহরুদ্দিনের ছেলে। সে পেশা একজন ভ্যান চালক। এদিকে হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইমরান হোসেন আইকন, আব্দুল কাদের লিটন মেম্বার ও মাজাহারুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত সকলেই পড়শীপাড়া এলাকার বাসিন্দা। পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে দিকে জমির সীমানা বিরোধকে কেন্দ্র করে আমান মিয়ার সঙ্গে সহরুদ্দিনের ঝগড়ার সৃষ্টি হয়। বিরোধের একপর্যায়ে আমান মিয়ার মা আছিয়া বেগমকে বাকপ্রতিবন্ধী আলম মারধর করেন। এরই জের ধরে সন্ধ্যা ৭টার দিকে আমান মিয়ার ছেলে ইমরান হোসেন আইকন তার দুই সহযোগিকে নিয়ে বাকপ্রতিবন্ধী আলমকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। পরে তাদের বাড়ির একটি কক্ষে আটকে রেখে বেধড়ক মারধর করেন। এতে আলম ঘটনাস্থলেই মারা যান। পরে খবর পেয়ে পুলিশ রাত দেড়টায় দিকে বাকপ্রতিবন্ধী আলমের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে আজ শুক্রবার (২৭ মার্চ) সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা মর্গে পাঠানো হয়েছে। গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) আসম আতিকুর রহমান বলেন, এ ঘটনায় নিহতের বাবা সহরুদ্দিন বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে