নববী আদর্শ বাস্তবায়ন এবং তরুণ প্রজন্মের মাঝে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ তুলে ধরার লক্ষ্যে শেরপুরে অনুষ্ঠিত হয়েছে পিসফুল সোসাইটি শেরপুরের উদ্যোগে ৫ম সীরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। শনিবার (২৮ মার্চ) দুপুরে শেরপুর পৌর অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা আজিজুর রহমান। সঞ্চালনায় ছিলেন পিসফুল সোসাইটির সভাপতি মুফতি হামিদুল্লাহ রাজু। এর আগে সকাল ১০টা থেকে প্রতিযোগিতার ভাইবা অনুষ্ঠিত হয়। এতে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন পিসফুল সোসাইটির প্রধান উপদেষ্টা মাওলানা রঈস উদ্দিন, মারকাজুল উলুম কওমী মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি আবুল বাশার এবং মুফতি আল-আমিন সাদী। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর সরকারি কলেজের ইসলাম শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান শফিউল্লাহ, গণিত বিভাগের সহকারী অধ্যাপক শামসুল হুদা চৌধুরী, হিলফুল ফুজুল উলামা পরিষদ ভুবারচরের সিনিয়র সহ-সভাপতি মাওলানা মোস্তফা কামাল, মুফতি মাহমুদুল হাসান এবং শেখ মনিরুজ্জামান মনিরসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারকারীকে নগদ ১৫ হাজার টাকা, বই ও সনদপত্র প্রদান করা হয়। দ্বিতীয় স্থান অর্জনকারী পান নগদ ১০ হাজার টাকা এবং তৃতীয় স্থান অধিকারকারীকে দেয়া হয় ৫ হাজার টাকা, সঙ্গে বই ও সনদপত্র। প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেছেন মো. নাঈম ইসলাম (শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমি), ২য় স্থান অধিকার করেছেন মোঃ শফিক মিয়া (নবারণ পাবলিক স্কুল) এবং ৩য় স্থান অর্জন করেছেন মোঃ তারিফ আহম্মেদ শ্রাবণ। এবারের প্রতিযোগিতায় ২০০ জনেরও বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রাথমিক বাছাই শেষে ৩০ জনকে ভাইবার জন্য মনোনীত করা হয় এবং সেখান থেকে সেরা তিনজনকে চূড়ান্তভাবে বিজয়ী ঘোষণা করা হয়।