সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় ধানের চারা কাটা ও জমির কাঁচা ধান কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে বিল্লাল মিয়া (৪৭) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছেন। শুক্রবার (২৭ মার্চ) বিকেলে উপজেলার দোহালিয়া ইউনিয়নের দেওয়াননগর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত বিল্লাল মিয়া ওই গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবেশী মছরব আলীর সঙ্গে ধানের চারা কাটা নিয়ে দুপুরে প্রথমে বাকবিতণ্ডা হয়। পরে তা জমির কাঁচা ধান কাটাকে কেন্দ্র করে আরও উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে ঘটনাস্থলেই বেশ কয়েকজন আহত হন। পরবর্তীতে আহতের সংখ্যা বেড়ে অন্তত ৮ জনে দাঁড়ায়। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হলেও গুরুতর আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গুরুতর আহত বিল্লাল মিয়াকে ওই হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে তিনি মারা যান। দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।