জামালপুরে জ্বালানী তেল বিক্রি না করায় ব্যবসায়ীকে জরিমানা

এফএনএস (এস এম এ হালিম দুলাল; জামালপুর) : | প্রকাশ: ২৮ মার্চ, ২০২৬, ০৭:০৫ পিএম
জামালপুরে জ্বালানী তেল বিক্রি না করায় ব্যবসায়ীকে জরিমানা

জামালপুরে জ্বালানী তেল মজুদ থাকার পরও বিক্রি না করায় এক ডিলারকে জরিমানা করা হয়েছে। এরআগে তেল বিক্রি না করায় জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে যানবাহন চালকরা। শনিবার (২৮ মার্চ) দুপুরে শহরের পিটিআই এলাকায় এই ঘটনা ঘটে। পরে তেল বিক্রির ব্যবস্থা করে প্রশাসন। ২৮মার্চ (শনিবার) সকাল থেকে শহরের পিটিআই এলাকায় জুই এন্টারপ্রাইজ তেলের ডিলার পয়েন্টর সামনে জ্বালানী তেলের জন্য মোটরসাইকেল ও অন্যান্য যানবাহন নিয়ে অপেক্ষা করেন চালকরা। দীর্ঘ সময় পার হলেও দোকান বন্ধ থাকায় তেল সরবরাহ বন্ধ থাকে। এতে ক্ষুব্ধ হয়ে চালকরা সড়কে নেমে অবরোধ সৃষ্টি করেন। এতে প্রায় দেড় ঘণ্টা জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ থাকে এবং সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে দুপুরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএমএসআর আলিফ দোকান পরিদর্শন করে ১২টি ড্রামে ২ হাজার ৮০০ লিটার পরিমাণ তেল পান মজুদ রাখা অবস্থায় পান। এ ঘটনায় জ্বালানী তেল মজুদ থাকার পরও তেল বিক্রি বন্ধ রাখার জন্য ভ্রাম্যমান আদালত পরিচালনা করে প্রতিষ্ঠান মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। পরে প্রশাসনের হস্তক্ষেপে জ্বালানী তেল বিক্রি শুরু হলে অবরোধ তুলে নিলে স্বাভাবিক হয় যানবাহন চলাচল। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএমএসআর আলিফ জানান, দোকান বন্ধ করে তেল বিক্রি না করায় যানবাহন চলাকরা বিক্ষোভ করছেন এই খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। জুই এন্টারপ্রাইজের দোকানের খাতাপত্রে দেখা যায় তেল নেই। কিন্তু আমরা দোকানের ভেতরে পরিদর্শন করে ১২টি ড্রামে ২৮০০ লিটার পরিমাণ তেল মজুদ দেখতে পাই। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তেল বিক্রির জন্য নির্দেশ প্রদান করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে