ব্যবসায়ীকে পিস্তল ও গুলির ছবি পাঠিয়ে চাঁদা দাবি, ছাত্রদল নেতা গ্রেপ্তার

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ৩০ মার্চ, ২০২৬, ১১:০০ এএম
ব্যবসায়ীকে পিস্তল ও গুলির ছবি পাঠিয়ে চাঁদা দাবি, ছাত্রদল নেতা গ্রেপ্তার

এক ব্যবসায়ীর হোয়াটসঅ্যাপে পিস্তল ও গুলির ছবি পাঠিয়ে চাঁদা দাবির ঘটনায় বরিশালের বানারীপাড়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি খেলনা পিস্তল ও তিনটি কার্তুজ (গুলি) উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃত সাব্বির বানারীপাড়া সদর ইউনিয়নের মাছরং গ্রামের বাসিন্দা তোফাজ্জেল হোসেনের ছেলে। গ্রেপ্তারকৃতকে গত ২৮ মার্চ চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশ ২৭ মার্চ দিবাগত গভীর রাতে বিশেষ অভিযান পরিচালনা করে বানারীপাড়ায় নিজ বাড়ি থেকে ছাত্রদল নেতা সাব্বির হোসেনকে গ্রেপ্তার করেছে। ভুক্তভোগী ব্যবসায়ী মিরাজ হোসেন বলেন, ঈদের তৃতীয় দিন তার মোবাইল ফোনে কল করে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে সাব্বির নামের ওই যুবক। পরে হোয়াটসঅ্যাপে একটি পিস্তল এবং গুলির ছবি পাঠিয়ে ভয় দেখেনো হয়। চাঁদা না দিলে ক্ষতি হবে বলেও হুমকি প্রদর্শন করা হয়েছে। তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে আতঙ্কিত হয়ে তিনি পরিবারের সদস্যদের পরামর্শে কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করলে পুলিশ অভিযান চালিয়ে সাব্বির হোসেনকে গ্রেপ্তার করে। বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম বলেন, ভুক্তভোগী নগরীর গির্জা মহল্লা এলাকার মোবাইল ব্যবসায়ী মিরাজ টেলিকমের মালিক মিরাজ হোসেন বাদি হয়ে ওই যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। পরবর্তীতে থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সাব্বির হোসেনকে গ্রেপ্তার করেছে। ওসি আরও বলেন, সে যেই পিস্তল এবং কার্তুজের ছবি পাঠিয়ে হুমকি দেওয়া হয়েছে সেগুলো উদ্ধার করা হয়েছে। এগুলো খেলনা সাদৃশ্য পিস্তল এবং তিনটি কার্তুজ। যা আলামত হিসেবে জব্দ দেখিয়ে গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে