ভোলার দৌলতখানে দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ল আলহাজ্ব হাফিজ ইব্রাহিম পরিষদ নামে স্থানীয় বিএনপি অফিস। ঘটনাটি ঘটেছে সোমবার রাত সাড়ে তিনটার দিকে উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের মধ্য জয়নগর গ্রামের ৮ নং ওয়ার্ডের ইসলামিয়া দাখিল মাদ্রাসা ও ওতর উদ্দিন ঈদগাহ মাঠ এলাকায়। স্থানীয় দোকানদার মোঃ ইসমাইল জানান, রাতে দোকান ঘরে ঘুমিয়ে ছিলাম। স্থানীয় লোকজনের ডাক চিৎকারে উঠে দেখি বিএনপি অফিসে আগুন। তাৎক্ষণিক এলাকার লোকজন সহ আগুন নেভাতে সক্ষম হই। আগুনে অফিসের চেয়ার টেবিল ও গুরুত্বপূর্ণ আসবাবপত্র পুড়ে গেছে। রাতের আঁধারে কে বা কারা অফিসে ঢ়ুকে আগুন দিয়েছে স্থানীয় লোকজন বলতে পারেনি। বিএনপি নেতা এম সিয়াম পাটোয়ারী ও স্থানীয় ব্যবসায়ী আল-মামুন টিপু আমার দেশকে জানান, ওই এলাকার মোশারফ, শাহীন ও আলম রাতে বাড়ি ফেরার পথে দেখেছেন হেলমেট পড়া মোটরসাইকেলে দুজন লোক রাস্তা দিয়ে চলো যাচ্ছে। সামনে এসেই দেখতে পান হাফিজ ইব্রাহিম পরিষদ আগুনে পুড়ছে। উত্তর জয়নগর ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনিরুল ইসলাম বলেন, রাতে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি পরিষদের ভিতরে আগুন জ্বলছে। দৌলতখান থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।