বরিশালের বানারীপাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ নাজিরপুর গ্রামে বুধবার (৮ এপ্রিল) ভোরে বিদ্যুৎস্পৃষ্টে দুটি গাভীর মৃত্যু হয়েছে। এসময় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন গাভীর মালিক। উন্নত জাতের গাভী দুটির মূল্য প্রায় ৫ লাখ টাকা। গাভীর মালিক মো. বাচ্চু বেপারী জানিয়েছেন, তার টিন ও কাঠের ঘরের বারান্দায় অবস্থিত গোয়ালঘরের বিদ্যুতের তার তিনি অসাবধানবশত খুলে রেখেছিলেন। ঘরের সামনে তার নতুন পাকা ভবন নির্মাণকাজের জন্য তিনি গোয়াল ঘরের লাইটের সরঞ্জাম খুলে সেখানে সেট করেন। মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে ঝড়ে গোয়াল ঘরের সেই খোলা তার পরে টিনের বেড়া বিদ্যুতায়িত হয়ে যায়। তিনি আরও জানিয়েছেন, বুধবার (৮ এপ্রিল) ভোর ছয়টার দিকে গরুর ডাক শুনে তিনি গোয়ালঘরে ছুঁটে গিয়ে দুটি গাভীকে ফ্লোরে ছটফট করতে দেখেন। গাভীর কাছে গেলে এসময় তিনিও বিদ্যুৎ স্পর্শের শিকার হলে তার ছেলে তাৎক্ষনিক লাইন খুলে ফেলায় সে প্রাণে রক্ষা পেয়েছেন। ততক্ষনেন গোয়ালের দুটি গাভী মারা গেলেও দুটি বাছুর ও একটি গাভী অক্ষত রয়েছে।