ত্যাগী ও রাজপথে আন্দোলন সংগ্রাম করা নেতাদের বরিশাল মহানগর ছাত্রদলের কমিটিতে স্থান দেয়ার দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে নেতাকর্মীরা। বৃহস্পতিবার দুপুরে বরিশাল নগরীর সদর রোডে এ কর্মসূচী পালন করেন সংগঠনটির নেতাকর্মীরা। এ সময় বিক্ষুব্ধরা বলেন, বিবাহিত ও অছাত্রদের নিয়ে বরিশাল মহানগর কমিটি করা চলবে না। পাশাপাশি কমিটিতে ত্যাগি ও আন্দোলন সংগ্রামে থাকা কর্মীদের মূল্যায়ন করতে হবে। এর বাইরে সুবিধাবাদীদের নিয়ে কোন কমিটি দেয়া হলে তা মেনে নেয়া হবেনা। এর আগে নেতাকর্মীরা নগরীর হাসপাতাল রোড থেকে বিক্ষোভ মিছিল শুরু করে সদর রোডে আসে। পরে সদর রোড এলাকার টাউন হলের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।