পিরোজপুরে অগ্নিকাণ্ডে ৬ দোকান পুড়ে ছাই

এফএনএস (মোঃ রেজাউল ইসলাম শামীম; পিরোজপুর) : | প্রকাশ: ৯ এপ্রিল, ২০২৬, ০৬:৩২ পিএম
পিরোজপুরে অগ্নিকাণ্ডে ৬ দোকান পুড়ে ছাই

পিরোজপুরে একটি বাজারে অগ্নিকান্ডে ৬টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী দোকানীদেও দাবী। আজ বৃহস্পতিবার ভোরে পিরোজপুর সদর উপজেলার পাঁচপাড়া এলাকার টেক্সটাইল মিল সংলগ্ন বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করছে স্থানীয়রা।  স্থানীয় সূত্রে জানা গেছে, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় মুহুর্তের মধ্যে দোকানগুলো আগুনে পুড়ে যায়। আগুনে ওই বাজারের চাঁন মিয়া শেখ, মো. ইমাম হোসেন, মো. ইলিয়াস হোসেন, আমজেদ, ডা. আ. সালাম (লাল মিয়া) এবং চাঁন খান এর দোকানে থাকা মালামাল, আসবাবপত্র ও নগদ অর্থ পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনের তীব্রতায় দোকানগুলো রক্ষা করা সম্ভব হয়নি। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, এ ঘটনায় তাদের অন্তত ১০ লাখ টাকারও বেশী ক্ষতি হয়েছে এবং অনেকেই নিঃস্ব হয়ে পড়েছেন। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশীদ, জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ (অব.) তাফাজ্জল হোসাইন ফরিদ, সেক্রেটারি জহিরুল হক ও শিকদার মল্লিক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান সরদার চাঁন। পরিদর্শনকালে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দেওয়া হয়। এ সময় স্থানীয় জনপ্রতিনিধিরা ক্ষতিগ্রস্তদের দ্রুত সরকারি সহযোগিতা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে