অন্তর্বর্তী সরকার কর্তৃক সম্পাদিত অসম ও বাংলাদেশের স্বার্থবিরোধী মার্কিন বানিজ্যচুক্তি বাতিলের দাবিতে বুধবার ৮ এপ্রিল বিকেল ৪টায়, জাতীয় প্রেসক্লাব থেকে মতিঝিল শাপলা চত্বর পর্যন্ত গানের মিছিল করেছে গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য। গানের মিছিল পূর্ব সমাবেশে গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য নেতৃবৃন্দ অবিলম্বে দাসত্বের বানিজ্যচুক্তি বাতিলের দাবি জানিয়েছেন। সাংস্কৃতিক ঐক্যের আহ্বায়ক জামসেদ আনোয়ার তপনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সহ সভাপতি কবি কামরুজ্জামান ভূঁইয়া, বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক মফিজুর রহমান লাল্টু, মওলানা ভাসানী পরিষদের সাধারণ সম্পাদক ডা. হারুনর রশীদ, সমাজ চিন্তা ফোরামের আহবায়ক কামাল হোসেন বাদল, সমাজ অনুশীলন কেন্দ্রের সদস্য রঘু অভিজিৎ রায়, শহীদ আসাদ পরিষদের সাধারণ সম্পাদক শামসুজ্জামান মিলন, কবি মাসুক শাহী। সভা সঞ্চালন করেন সমাজ অনুশীলন কেন্দ্রের সমন্বয়ক বিমল কান্তি দাস। বক্তারা জাতীয় সংসদের চলতি অধিবেশনে চুক্তির বিষয়ে আলোচনার দাবি জানান। পরে জাতীয় প্রেসক্লাব থেকে মতিঝিল শাপলা চত্বর পর্যন্ত গানের মিছিল অনুষ্ঠিত হয়।