সিলেটের আবহমান সাংস্কৃতিক ঐতিহ্য ও শেকড়ের সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে দিনব্যাপী ‘ছিলটি লোক উৎসব-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে দিনব্যপী ‘হাছনরাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদ’-এর উদ্যোগে নগরীর কীনব্রীজ চাঁদনীঘাটে এ উৎসবের উদ্বোধন করা হয়। পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. জহিরুল ইসলাম অচিনপুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম। অনুষ্ঠানের উদ্বোধন করেন করেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। স্বাগত বক্তব্য দেন পরিষদের সাধারণ সম্পাদক মো. সোলেমান হোসেন চুন্নু। অনুষ্ঠানে বক্তারা বলেন, সিলেটের রয়েছে হাজার বছরের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, যা নিজস্ব ভাষা ও লোকজ সংস্কৃতির মাধ্যমে বিকশিত হয়েছে। মরমী সাধক হাছন রাজা, শাহ আব্দুল করিম ও রাধা রমনের মতো মনীষীরা এ অঞ্চলের সংস্কৃতিকে বিশ্ব দরবারে পরিচিত করেছেন। তারা আরও বলেন, ‘ছিলটি নাগরী’ ভাষায় সাহিত্য ও সংস্কৃতি চর্চার মাধ্যমে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্ম নিজেদের শেকড় ও আত্মপরিচয় খুঁজে পেতে পারে। বক্তারা জোর দিয়ে বলেন, সিলেটি ভাষা ও সংস্কৃতিকে শুধু সংরক্ষণ নয়, হৃদয়ে ধারণ ও চর্চার মাধ্যমে বিশ্বমঞ্চে তুলে ধরতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদি, সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস-উন-নূর, সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক সিলেট বাণীর নির্বাহী সম্পাদকসহ স্থানীয় বিশিষ্টজনেরা। এছাড়া আয়োজক কমিটির পক্ষ থেকে এম এ হান্নানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দিনব্যাপী এ উৎসবে লোকসংগীত, কবিতা আবৃত্তি, সাংস্কৃতিক পরিবেশনা ও ‘ছিলটি নাগরী’ ভাষাভিত্তিক বিভিন্ন আয়োজন অনুষ্ঠিত হয়, যা অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।