সুন্দরবনে নৌকাডুবি, ৫ মৌয়াল উদ্ধার হলেও নিখোঁজ ৩

এফএনএস (এস.এম. শহিদুল ইসলাম; সাতক্ষীরা) : | প্রকাশ: ১০ এপ্রিল, ২০২৬, ০৭:৫৮ পিএম
সুন্দরবনে নৌকাডুবি, ৫ মৌয়াল উদ্ধার হলেও নিখোঁজ ৩

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কাচিকাটা এলাকায় ঝড়ের কবলে পড়ে মৌয়ালদের একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে আটজন মৌয়ালের মধ্যে পাঁচজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও এখনো নিখোঁজ রয়েছেন তিনজন। নিখোঁজ মৌয়ালরা হলেন-সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গোদাড়া গ্রামের আকবর আলী, ওলিউর রহমান ও মিকাইল হোসেন। বন বিভাগ ও উদ্ধার হওয়া মৌয়ালদের সূত্রে জানা গেছে, গত ১ এপ্রিল বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন থেকে বৈধ পাস (অনুমতিপত্র) নিয়ে মধু সংগ্রহ করতে সুন্দরবনে যান আটজনের একটি মৌয়াল দল। গত সোমবার (৬ এপ্রিল) রাতে কাচিকাটা এলাকায় হঠাৎ তীব্র ঝড়ের কবলে পড়ে তাঁদের নৌকাটি ডুবে যায়। উদ্ধার হওয়া মৌয়াল মনিরুল ইসলাম জানান, নৌকাডুবির পর তাঁরা বনের বিভিন্ন দিকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। এর মধ্যে চারজন-সবুর খান, মনিরুল ইসলাম, আল মাহমুদ শেখ ও ইউনুচ আলী ৭ এপ্রিল সন্ধ্যায় ভাসতে ভাসতে হুলদিবুনিয়া ফরেস্ট টহল ফাঁড়ি এলাকায় পৌঁছান। সেখান থেকে বন বিভাগের কর্মীরা তাঁদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। বৃহস্পতিবার রাতে তাঁদের বুড়িগোয়ালিনী স্টেশনে আনা হয়। এদিকে, নিখোঁজ চারজনের মধ্যে ইকরামুল কবির নামের আরও এক মৌয়াল শুক্রবার বিকেলে সুস্থ অবস্থায় বাড়ি ফিরে এসেছেন। তবে তাঁর অন্য তিন সঙ্গীর খোঁজ এখনো মেলেনি।বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা ফজলুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "উদ্ধার হওয়া পাঁচ মৌয়ালকে তাঁদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। নিখোঁজ তিনজনের সন্ধানে বন বিভাগের পক্ষ থেকে খোঁজখবর রাখা হচ্ছে এবং বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।" নিখোঁজ মৌয়ালদের পরিবারে এখন চলছে শোকের মাতম। প্রিয়জনদের ফিরে পাওয়ার আশায় বুক বেঁধে আছেন স্বজনরা।

আপনার জেলার সংবাদ পড়তে