জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় ধানক্ষেত থেকে রাশেদা বেগম ওরফে আশুড়া (৪৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার দ্বিতীয় স্বামী বাবলু মিয়াকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার তুলসীগঙ্গা ইউনিয়নের বিলের ঘাট সংলগ্ন সোতার আদর্শ গ্রামের একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রাশেদা বেগম ওই গ্রামের বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আশুড়ার প্রথম স্বামী মজ হোসেন কিছুদিন আগে মারা যান। পরে মনঝার বাজার এলাকার মোজাফ্ফর হোসেনের ছেলে বাবলু মিয়া (৫০), যিনি আগেই দুইটি বিয়ে করেছিলেন। প্রায় ছয় মাস আগে আশুড়াকে তৃতীয় বিয়ে করেন। বিয়ের পর থেকেই তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। স্থানীয়রা জানান, শুক্রবার রাতে ধানক্ষেতে রাশেদার মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘটনার পর বাবলু মিয়া পলাতক থাকলেও পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। তিনি উপজেলার তুলসীগঙ্গা ইউনিয়ন কৃষক দলের রাজনীতির সঙ্গে জড়িত বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।