মুন্সীগঞ্জের গজারিয়ায় অভিযান চালিয়ে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও ‘মাদক সম্রাট’ হিসেবে পরিচিত ইয়াসিন (৪০) কে আটক করেছে থানা পুলিশ। শনিবার (১১ এপ্রিল) দুপুর দুইটার দিকে উপজেলার আনারপুরা জেএমআই ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক ইয়াসিন গজারিয়া উপজেলার টেঙ্গারচর ইউনিয়নের উত্তর সাহাপুর গ্রামের ইম্মত আলীর ছেলে। মাদকসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে অন্তত ২০টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। গজারিয়া থানা সূত্রে জানা যায়, ইয়াসিন দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিল। তার বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকলেও তিনি আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে আনারপুরা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এদিকে ইয়াসিনের আটকের খবরে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা বলেন, অনেক দিন ধরেই তার কারণে এলাকায় মাদকের বিস্তার বেড়ে গিয়েছিল। তরুণ সমাজ ধ্বংসের পথে যাচ্ছিল। পুলিশ তাকে ধরায় আমরা স্বস্তি পেয়েছি। আরেকজন স্থানীয় ব্যবসায়ী জানান, ইয়াসিনের কারণে এলাকায় অপরাধও বেড়েছিল। আমরা নিরাপত্তাহীনতায় ভুগতাম। আশা করছি, তার গ্রেপ্তারের ফলে পরিস্থিতির উন্নতি হবে। স্থানীয় সচেতন মহল পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন, যাতে করে গজারিয়া উপজেলাকে মাদকমুক্ত করা সম্ভব হয়। এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি হাসান আলী বলেন, ইয়াসিন এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে অন্তত ২০টি মামলা রয়েছে এবং একাধিক মামলায় ওয়ারেন্ট ছিল। তাকে গ্রেপ্তারের মাধ্যমে এলাকায় মাদক নিয়ন্ত্রণে বড় ধরনের অগ্রগতি হবে বলে আমরা আশা করছি। তিনি আরও বলেন, গজারিয়া উপজেলায় মাদকের বিস্তার রোধে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিদিনই বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে এবং তা অব্যাহত থাকবে।