শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া রাজনৈতিক স্ট্যান্টবাজি, মন্তব্য চিফ প্রসিকিউটরের

এফএনএস প্রতিবেদক: | প্রকাশ: ২৯ জুন, ২০২৬, ০৪:৩৬ পিএম
শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া রাজনৈতিক স্ট্যান্টবাজি, মন্তব্য চিফ প্রসিকিউটরের

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়াকে রাজনৈতিক স্ট্যান্টবাজি বলে মন্তব্য করেছেন।

আজ সোমবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করে বলেন, “ভারতের নয়াদিল্লি থেকে শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়ার ঘোষণা রাজনৈতিক স্ট্যান্টবাজি ছাড়া আর কিছুই নয়। তার যদি সত্যিই সাহস থাকে, তাহলে দেশে এসে জুলাই হত্যাযজ্ঞের বিচার মোকাবিলা করুক।”

ট্রাইব্যুনালের মামলা প্রসঙ্গে তিনি বলেন, 'চব্বিশের জুলাই-আগস্ট গণহত্যার ১০টি মামলার তদন্ত প্রতিবেদন আমাদের প্রসিকিউশনের হাতে এসেছে। বর্তমানে এসব যাচাই-বাছাই করা হচ্ছে। এরপরই ফরমাল চার্জ (আনুষ্ঠানিক অভিযোগ) আকারে ট্রাইব্যুনালে দাখিল করা হবে।'

তিনি আরও বলেন, 'এসব মামলার আসামির তালিকায় সাবেক মন্ত্রী শাজাহান খান, আমির হোসেন আমু, বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক, কামাল আহমেদ মজুমদারসহ অনেক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার নাম রয়েছে।' 

উল্লেখ্য, সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক সাক্ষাৎকারে এ বছরই দেশে ফেরার কথা বলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জুলাই গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় মৃত্যুদণ্ড নিয়ে পলাতক রয়েছেন তিনি।

আপনার জেলার সংবাদ পড়তে