দেশের পুরো সাপ্লাই চেইনকে এআইয়ের আওতায় আনা হবে: বাণিজ্যমন্ত্রী

এফএনএস প্রতিবেদক: | প্রকাশ: ১১ এপ্রিল, ২০২৬, ০৫:৪৫ পিএম
দেশের পুরো সাপ্লাই চেইনকে এআইয়ের আওতায় আনা হবে: বাণিজ্যমন্ত্রী
ছবি, সংগৃহীত

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির আজ শনিবার সকালে সিলেট মহানগরীর টিলাগড়ে ‘কৃষকের হাট’ উদ্বোধনকালে বললেন, দেশের পুরো সাপ্লাই চেইনকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেলের আওতায় আনা হবে। এর মাধ্যমে আমদানিকারক, পাইকার ও খুচরা বিক্রেতাসহ সবার তথ্য একটি কেন্দ্রীয় ব্যবস্থায় থাকবে, যা বাজার মনিটরিং প্রক্রিয়াকে সহজ করবে।

মন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেন, সরকারি সংস্থা টিসিবির কার্যক্রম আরও জোরদার করা হবে। বর্তমানে সরকার টিসিবিতে বছরে তিন হাজার ২০০ থেকে তিন হাজার ৩০০ কোটি টাকা ভর্তুকি দেয়। লক্ষ্য রয়েছে এই ভর্তুকি ধীরে ধীরে কমিয়ে আনার। তবে টিসিবির মাধ্যমে বাজারে হস্তক্ষেপ বাড়িয়ে মূল্য নিয়ন্ত্রণে আরও সক্রিয় ভূমিকা পালন করা হবে।

সিলেটের টিলাগড় পয়েন্টের নির্ধারিত স্থানে প্রতিদিন সকালে এই ‘কৃষকের হাট’ বসবে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাঠপর্যায়ের কৃষক ও শহরের সাধারণ ভোক্তার মধ্যে সরাসরি সংযোগ তৈরি করাই এই বাজারের মূল লক্ষ্য।নতুন এই সরকারি ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় কৃষক। তাদের মতে, কোনো মধ্যস্বত্বভোগী বা দালালের ঝামেলা ছাড়াই তারা সরাসরি সাধারণ ক্রেতাদের কাছে নিজেদের উৎপাদিত পণ্য বিক্রির সুযোগ পাবেন। এতে একদিকে কৃষকরা ন্যায্যমূল্য পাবেন, অন্যদিকে ভোক্তারাও সাশ্রয়ী দামে সতেজ পণ্য কিনতে পারবেন।

সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণের সংস্কৃতি বাংলাদেশ থেকে চিরতরে দূর করা হবে বলেও উল্লেখ করেন তিনি।

আপনার জেলার সংবাদ পড়তে