দেখার হাওরে বাঁধ ভাঙন, কৃষকদের চেষ্টায় রক্ষা পেল ফসল

এফএনএস (একে কুদরত পাশা; দিরাই, সুনামগঞ্জ) : | প্রকাশ: ১১ এপ্রিল, ২০২৬, ০৬:৩৭ পিএম
দেখার হাওরে বাঁধ ভাঙন, কৃষকদের চেষ্টায় রক্ষা পেল ফসল

সুনামগঞ্জের দেখার হাওরে ফসলরক্ষা বাঁধের একটি অংশ হঠাৎ ভেঙে পানি প্রবেশ করায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে হাজার হাজার হেক্টর বোরো ধান তলিয়ে যাওয়ার শঙ্কা দেখা দিলেও কৃষকদের কয়েক ঘণ্টার প্রাণপণ চেষ্টায় শেষ পর্যন্ত রক্ষা পেয়েছে ফসল। শনিবার (১১ এপ্রিল) সকালে সদর উপজেলার গোবিন্দপুর ও মদনপুর গ্রামের মধ্যবর্তী গুজাউনি বাঁধ মহাসিং নদীর পানির চাপে ভেঙে যায়। এতে দ্রুত হাওরে পানি ঢ়ুকে পড়লে আশপাশের বিস্তীর্ণ জমির ধান তলিয়ে যাওয়ার উপক্রম হয়। খবর পেয়ে গোবিন্দপুর, মদনপুরসহ আশপাশের গ্রামের শত শত কৃষক স্বেচ্ছাশ্রমে এগিয়ে আসেন। তারা বাঁশ পুঁতে এবং মাটি ফেলে কয়েক ঘণ্টার চেষ্টায় ভাঙা অংশটি মেরামত করে পানি প্রবাহ বন্ধ করতে সক্ষম হন। স্থানীয় সূত্রে জানা যায়, দেখার হাওরের পানি নিষ্কাশনের পথে উতারিয়া ও পাথারিয়া এলাকায় উঁচু বাঁধ নির্মাণের কারণে পানি বের হতে না পেরে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে হাওরের পূর্বাংশে জমে থাকা পানির চাপ বেড়ে গিয়ে পশ্চিম অংশের গুজাউনি বাঁধ ভেঙে পড়ে। এতে প্রায় পাঁচ হাজার হেক্টর বোরো জমির ধান হুমকির মুখে পড়ে। পরে কৃষকদের পাশাপাশি পানি উন্নয়ন বোর্ডের সদস্যরাও ঘটনাস্থলে গিয়ে যৌথভাবে বাঁধটি মেরামতের কাজে অংশ নেন। সুনামগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিন বলেন, “বাঁধ ভাঙার খবর পেয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়। কৃষক ও পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতায় জিও ব্যাগে মাটি ভরে বাঁধটি দ্রুত মেরামত করা হয়েছে।” পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানান, “বাঁধটি আমাদের আওতাধীন না হলেও আমরা সহযোগিতা করেছি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং ফসলের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।” এ ঘটনায় কৃষকদের মাঝে স্বস্তি ফিরে এলেও ভবিষ্যতে এমন ঝুঁকি এড়াতে স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

আপনার জেলার সংবাদ পড়তে