ধর্মপাশায় এমপি কামরুলের গণশুনানি, উন্নয়নের প্রতিশ্রুতি

এফএনএস (একে কুদরত পাশা; দিরাই, সুনামগঞ্জ) : | প্রকাশ: ১১ এপ্রিল, ২০২৬, ০৬:৩৯ পিএম
ধর্মপাশায় এমপি কামরুলের গণশুনানি, উন্নয়নের প্রতিশ্রুতি

স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের লক্ষ্যে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় গণশুনানি করেছেন সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। শনিবার (১১ এপ্রিল) দুপুর ১২টায় ধর্মপাশা উপজেলা পরিষদ হলরুমে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। গণশুনানিতে সভাপতিত্ব করেন ধর্মপাশা উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইফুল ইসলাম কামাল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমপি কামরুজ্জামান কামরুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায় এবং সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মোতালিব খান। এছাড়াও উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক আব্দুল হক, যুগ্ম আহ্বায়ক এস এম রহমত, নুরুল ইসলাম বিএসসি, জুলফিকার আলী ভূট্টো, সাবেক সাধারণ সম্পাদক কাজী মাজাহারুল হক, বিআরডিবি চেয়ারম্যান আফসারুল আলম চন্দন পীর, আহ্বায়ক কমিটির সদস্য মজিবুর রহমান মজুমদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গণশুনানিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাদের সমস্যা, দাবি ও উন্নয়ন সংক্রান্ত প্রস্তাব তুলে ধরেন। প্রধান অতিথির বক্তব্যে এমপি কামরুজ্জামান কামরুল বলেন, আগে সরকারি বরাদ্দ ও বাজেট সম্পর্কে সাধারণ মানুষ তেমন কিছু জানতেন না। তিনি বলেন, “আমি প্রতিটি উন্নয়ন কাজের বরাদ্দ ও কার্যক্রম জনগণের সামনে তুলে ধরেছি এবং ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।” তিনি আরও বলেন, জনগণের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হলে তা আরও কার্যকর ও টেকসই হবে।

আপনার জেলার সংবাদ পড়তে