শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

খাল খননে বদলাবে গ্রামবাংলা: পানি সম্পদ মন্ত্রী

এফএনএস (ফারুক আহমেদ; মেহেরপুর) :
| আপডেট: ১১ এপ্রিল, ২০২৬, ০৮:৩৮ পিএম | প্রকাশ: ১১ এপ্রিল, ২০২৬, ০৮:৩৮ পিএম
খাল খননে বদলাবে গ্রামবাংলা: পানি সম্পদ মন্ত্রী

পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, দেশের কৃষি উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে সরকার সমন্বিতভাবে কাজ করছে। তিনি বলেন, আমাদের যে চ্যানেলগুলো জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, তাদের পাশে থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমরা অনেক সংগ্রাম করেছি, সেই সংগ্রাম এখনো শেষ হয়নি। শনিবার (১১ এপ্রিল) বিকেলে মেহেরপুর সদর উপজেলার বলিহারপুর গ্রামে জিয়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরও জানান, মেহেরপুর অঞ্চলে কৃষিভিত্তিক উন্নয়নের লক্ষ্যে একটি সমন্বিত প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে ভৈরব ও কাজলা নদীর সঙ্গে সংযুক্ত খালগুলোতে সুইচগেট নির্মাণ এবং খাল পুনঃখননের কাজ চলছে। এসব প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা গেলে জলাবদ্ধতা দূর হওয়ার পাশাপাশি কৃষি উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে এবং এলাকার সার্বিক চিত্র বদলে যাবে। তিনি বলেন, দেশের ৫৪টি জেলায় ইতোমধ্যে এ ধরনের প্রকল্প শুরু হয়েছে। আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের মাধ্যমে গ্রামীণ অবকাঠামো ও কৃষি ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনা হবে।” মন্ত্রী আরও বলেন, তারেক রহমান এর নেতৃত্বে কৃষিকে অগ্রাধিকার দিয়ে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এর মধ্যে কৃষি ঋণের ১০ হাজার টাকা পর্যন্ত সুদ মওকুফ, ফ্যামিলি কার্ড বিতরণ এবং আগামী ১৪ এপ্রিল কৃষি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। তিনি স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। মেহেরপুর জেলা প্রশাসক শিল্পী রানী রায় এর সভাপতিত্বে বলিয়াপুর পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মেহেরপুর জেলা জামায়াতের আমির ও সংসদ সদস্য তাজ উদ্দিন খান, জেলা বিএনপির সভাপতি জাবেদ মাসুদ মিল্টন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান, সাবেক সভাপতি মাসুদ অরুণ এবং আমজাদ হোসেন। এ সময় পুলিশ সুপার উত্তম কুমার রায়সহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে অতিথিরা পুনঃখননকৃত জিয়া খাল পরিদর্শন করেন। দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির আওতায় বাস্তবায়িত এ প্রকল্পে মেহেরপুর পানি উন্নয়ন বোর্ডের অধীনে ২৬ লাখ ১ হাজার ৮৭৮ টাকা ব্যয়ে ১১০০ মিটার খাল খনন করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে