দেশের বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান উৎস হিসেবে তৈরি পোশাক রফতানি ও প্রবাসী আয়ের ওপর জোর দিয়ে পররাষ্ট্রনীতির মূল এজেন্ডা হিসেবে এই দুই খাতকে অগ্রাধিকার দেওয়ার কথা বলেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
রোববার (১২ এপ্রিল) দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ‘ব্র্যান্ডিং বাংলাদেশ, বিয়ন্ড বর্ডারস’ শীর্ষক এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, “আমাদের তৈরি পোশাক রফতানি এবং রেমিট্যান্সই হচ্ছে বৈদেশিক মুদ্রা অর্জনের মূল উৎস। তাই পররাষ্ট্রনীতির মূল এজেন্ডা হওয়া উচিত রফতানি ও রেমিট্যান্স বাড়ানো।” তার মতে, বৈশ্বিক বাজারে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে হলে এই খাতগুলোকে আরও বিস্তৃত ও কার্যকরভাবে কাজে লাগাতে হবে।
অনুষ্ঠানে প্রবাসীদের অবদানের স্বীকৃতি হিসেবে ‘রেমিট্যান্স অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়। এ সময় ১৩টি ব্যাংক, একটি প্রতিষ্ঠান এবং একজন ব্যক্তিকে এ সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক নূর এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তারা প্রবাসীদের অবদানকে দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হিসেবে উল্লেখ করেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী রাখা এবং অর্থনৈতিক স্থিতিশীলতা ধরে রাখতে রফতানি ও রেমিট্যান্স বৃদ্ধির ওপর জোর দেওয়া এখন সময়োপযোগী পদক্ষেপ। এ ক্ষেত্রে পররাষ্ট্রনীতি ও অর্থনৈতিক কৌশলের সমন্বয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।