ইন্টারনেট বন্ধে হত্যার নির্দেশের অভিযোগ, জয়-পলকের বিরুদ্ধে সাক্ষ্য ১৬ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১২ এপ্রিল, ২০২৬, ০৪:০৯ পিএম
ইন্টারনেট বন্ধে হত্যার নির্দেশের অভিযোগ, জয়-পলকের বিরুদ্ধে সাক্ষ্য ১৬ এপ্রিল

জুলাই গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে ছাত্র-জনতাকে হত্যার নির্দেশ দেওয়ার অভিযোগে সজীব ওয়াজেদ জয় ও জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে চলমান মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য ১৬ এপ্রিল দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রোববার (১২ এপ্রিল) তৃতীয় সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে এই আদেশ দেন ট্রাইব্যুনাল-১।

এদিন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন তৎকালীন ইন্টারনেট প্রোভাইডার অ্যাসোসিয়েশনের সভাপতি এমদাদুল হক মোল্লা। তিনি আদালতকে জানান, আন্দোলনের সময় হঠাৎ করেই ইন্টারনেট বন্ধ হয়ে যায় এবং তখন তাদের ধারণা হয় এটি সরকারের সিদ্ধান্তে হয়েছে। কিছু জায়গায় ইন্টারনেটের তার পুড়ে যাওয়ার ঘটনাও তুলে ধরেন তিনি।

জবানবন্দিতে এমদাদুল বলেন, “আগুন লেগেছিল দুর্যোগ ব্যবস্থাপনা ভবনে, ডাটা সেন্টারে নয়। কিছু ফাইবার অপটিক ক্যাবল পুড়ে গেলেও সারা দেশে ইন্টারনেট বন্ধ হওয়ার কথা ছিল না, কারণ দেশে আরও ১৫ থেকে ১৬টি ডাটা সেন্টার ছিল।” তার এই বক্তব্যে ইন্টারনেট বন্ধের পেছনে প্রশাসনিক সিদ্ধান্তের ইঙ্গিত উঠে আসে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এর আগে মামলায় বিশেষ তদন্তকারী কর্মকর্তা প্রসিকিউটর তানভীর জোহা জবানবন্দি দেন। পরে তাকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা। সাক্ষ্যগ্রহণ শেষে এমদাদুল হক মোল্লাকেও জেরা করেন পলকের আইনজীবী লিটন আহমেদ।

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধের নির্দেশ সজীব ওয়াজেদ জয়ের কাছ থেকে আসতো এবং তা বাস্তবায়ন করতেন তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তাদের এই ভূমিকা মানবতাবিরোধী অপরাধের আওতায় পড়ে বলে দাবি করা হয়েছে। যদিও আসামিপক্ষ এই অভিযোগ অস্বীকার করেছে।

মামলায় সজীব ওয়াজেদ জয় পলাতক রয়েছেন এবং তার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মনজুর আলম আইনি লড়াই করছেন। অপরদিকে, জুনাইদ আহমেদ পলক বর্তমানে কারাগারে রয়েছেন।

এদিকে, একই সময় জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ আট অভিযোগে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ যুক্তিতর্ক উপস্থাপন চলছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে টানা তৃতীয় দিনের মতো আসামিপক্ষ তাদের যুক্তি তুলে ধরছে।

আপনার জেলার সংবাদ পড়তে