সিলেটের

উন্নয়নে গতি আনতে বড় প্রকল্পসমূহ, নির্মিত হচ্ছে প্রবাসী ভবন

এফএনএস (এইচ এম শহিদুল ইসলাম; সিলেট) : | প্রকাশ: ১২ এপ্রিল, ২০২৬, ০৬:৩৬ পিএম
উন্নয়নে গতি আনতে বড় প্রকল্পসমূহ, নির্মিত হচ্ছে প্রবাসী ভবন

সিলেট অঞ্চলের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করতে একাধিক বৃহৎ অবকাঠামো প্রকল্প বাস্তবায়নে কাজ করছে সরকার। পাশাপাশি প্রবাসীদের সেবা আরও সহজ ও আধুনিক করতে সিলেটে একটি ‘প্রবাসী ভবন’ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার (১২ এপ্রিল) সকালে সিলেট জেলা আইনশৃঙ্খলা কমিটি-র সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান। তিনি বলেন প্রধনমন্ত্রী তারেক রহমান সরাসরি সিলেটের চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি তদারকি করছেন। প্রধানমন্ত্রীর এই নজরদারির ফলে প্রকল্পগুলোর কাজ দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে।

মন্ত্রী আরও জানান, সিলেটের যোগাযোগব্যবস্থা উন্নত করতে ঢাকা-সিলেট মহাসড়ক সম্প্রসারণ, রেলপথ আধুনিকায়ন এবং সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর-এর উন্নয়নসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প বর্তমানে বাস্তবায়নের পর্যায়ে রয়েছে। এসব প্রকল্প সম্পন্ন হলে সড়ক, রেল ও আকাশপথে যাতায়াত আরও সহজ, নিরাপদ ও সময়সাশ্রয়ী হবে।

তিনি বলেন, উন্নত যোগাযোগব্যবস্থা গড়ে উঠলে সিলেটে বিনিয়োগ বাড়বে, পর্যটন শিল্পে নতুন সম্ভাবনা তৈরি হবে এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। বিশেষ করে চা শিল্প, প্রবাসী রেমিট্যান্স এবং ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা খাত আরও গতিশীল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। প্রবাসীদের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, সিলেট অঞ্চলে বিপুলসংখ্যক প্রবাসী বসবাস করেন এবং তাদের দেশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে। এ কারণে তাদের জন্য একটি সমন্বিত সেবা কেন্দ্র হিসেবে আধুনিক ‘প্রবাসী ভবন’ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই ভবনে পাসপোর্ট, ভিসা, বিনিয়োগ পরামর্শ, আইনগত সহায়তা এবং অন্যান্য সরকারি সেবা এক ছাদের নিচে পাওয়া যাবে। তিনি আরও বলেন, প্রবাসী ভবন নির্মিত হলে প্রবাসীদের ভোগান্তি কমবে এবং তাদের প্রয়োজনীয় কাজ দ্রুত সম্পন্ন করা সম্ভব হবে। এতে প্রবাসীদের সঙ্গে সরকারের সম্পর্ক আরও দৃঢ় হবে এবং বৈদেশিক কর্মসংস্থানের ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়বে। সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। মন্ত্রী সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তাদের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। শেষে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় চলমান উন্নয়ন কার্যক্রমের ফলে সিলেটে দৃশ্যমান পরিবর্তন আসবে। অদূর ভবিষ্যতে সিলেট একটি আধুনিক, পরিকল্পিত ও প্রাণবন্ত নগরীতে পরিণত হবে, যা দেশের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপনার জেলার সংবাদ পড়তে