ভাঙ্গায় বাস-পিকআপ সংঘর্ষ হয়ে বাস উল্টে খাদে, নিহত ২, আহত অনেকে

এফএনএস প্রতিবেদক: | প্রকাশ: ১৩ এপ্রিল, ২০২৬, ০২:০৮ পিএম
ভাঙ্গায় বাস-পিকআপ সংঘর্ষ হয়ে বাস উল্টে খাদে, নিহত ২, আহত অনেকে
ছবি, সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গায় বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে বাস উল্টে খাদে পড়ার দূর্ঘটনা ঘটেছে। এতে যাত্রীবাহী বাসটি সড়ক থেকে ছিটকে ৩০ ফিট গভীর খাদে পড়ে উল্টে যায়। এসময় দু’জন নিহত ও বাসে থাকা অন্তত ৩০ জন যাত্রী আহত হওয়ার ঘটনা ঘটে।

ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের বাবলাতলা এলাকায় আজ সোমবার সকালে এমন মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা ও ফায়ারসার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। 

নিহতরা হলেন- ভাঙ্গা পৌরসভার কৈডুবী সদরদী গ্ৰামের সেকেন মোল্লার ছেলে ব্যবসায়ী জাহাঙ্গীর মোল্লা (৪০) ও একই গ্রামের আলমগীর শেখ (৪২)। তিনি নেছার উদ্দিন শেখের ছেলে। এছাড়াও গুরুতর আহতদের মধ্যে প্রায় ১৫ জনকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে হাইওয়ে থানার উপ-পরিদর্শক মোহাম্মদ মামুন মিয়া জানান, ফরিদপুর থেকে  ছেড়ে আসা শাহ ফরিদ পরিবহনের একটি বাসের সঙ্গে ভাঙ্গার বাবলাতলা ব্রিজের উপরে আসলে বিপরীত দিকথেকে আসা একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ৩০ ফিট গভীর খাদে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে একজন ও ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঢাকায় নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। আহত হয় বেশকিছু যাত্রী। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত যাত্রীদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে