জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে সারাদেশের ন্যায় বরিশালের আগৈলঝাড়া থেকে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) বরিশাল জেলা উত্তর শাখার উদ্যোগে সোমবার (১৩ এপ্রিল) সকালে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার লিখন বনিক এর মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করা হয়। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বরিশাল জেলা উত্তর শাখা ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি বাংলাদেশের পক্ষে বরিশাল জেলা উত্তর শাখার সাংগঠনিক সম্পাদক ও জাতীয় দৈনিক খোলা কাগজ এর আগৈলঝাড়া উপজেলা প্রতিনিধি মো. মাজারুল ইসলাম এ স্মারকলিপি প্রদান করেছেন। স্মারকলিপিতে উল্লেখ করা হয়,গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে গণতন্ত্রের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও দেশের সাংবাদিক সমাজ এখনো যথাযথ রাষ্ট্রীয় স্বীকৃতি থেকে বঞ্চিত। স্মারকলিপিতে বলা হয়, প্রতি বছরের ন্যায় এবারও ১-৭ মে ১০ম জাতীয় গণমাধ্যম সপ্তাহ-২০২৬ উদযাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ সপ্তাহকে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করা হলে সাংবাদিকদের পেশাগত মর্যাদা বৃদ্ধি পাবে এবং গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীলতা আরও সুসংহত হবে। স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, ৩ মে “বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস”থাকলেও তা বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে উদযাপিত হয় না, যা অত্যন্ত দুঃখজনক। অথচ হাত-পা ধোয়া দিবসও রাষ্ট্র আয়োজন করে। এ প্রেক্ষিতে, “১-৭ মে জাতীয় গণমাধ্যম সপ্তাহ”রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদানের জন্য প্রধানমন্ত্রীর নিকট প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানানো হয়।