সিলেটে আবাসিক হোটেলে ৭ তরুণ-তরুণী আটক, হোটেল সিলগালা

এফএনএস (এইচ এম শহীদুল ইসলাম; সিলেট) : | প্রকাশ: ১৩ এপ্রিল, ২০২৬, ০৩:০০ পিএম
সিলেটে আবাসিক হোটেলে ৭ তরুণ-তরুণী আটক, হোটেল সিলগালা

সিলেট নগরীতে আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৭ তরুণ-তরুণীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় হোটেলটিকেও সিলগালা করা হয়। রবিবার (১৩ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে নগরীর লালদিঘীরপাড় এলাকায় অবস্থিত ভাই ভাই নামের একটি আবাসিক হোটেলে এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে সিলেট মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা এ অভিযান চালায়। অভিযানকালে হোটেলের বিভিন্ন কক্ষ থেকে ৭ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন- সাদিয়া আক্তার প্রকাশ সোনিয়া (২৩), সাদিয়া আক্তার (২৮), ইয়াসমিন বেগম (২৮), লাভলী আক্তার বিউটি (২৭), জনুরা বেগসিলেটম (২৬), মোনেম আহমেদ (৩০) ও মনির আহমেদ (৩৬)। পুলিশ জানায়, আটককৃতরা দীর্ঘ সময় ধরে ওই হোটেলে অবস্থান করে অসামাজিক কার্যকলাপে লিপ্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত নজরদারির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার মো. মনজুরুল আলম জানান, “গোপন তথ্যের ভিত্তিতে আমরা অভিযান চালাই। ঘটনাস্থল থেকে ৭ জনকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে তাদের বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপের প্রমাণ পাওয়া গেছে।” তিনি আরও জানান, অভিযানের সময় হোটেলটির বৈধ কাগজপত্র ও কার্যক্রমে অসঙ্গতি পাওয়া যাওয়ায় সেটি সিলগালা করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আটককৃতদের বিরুদ্ধে সিলেট মেট্রোপলিটন পুলিশ আইন, ২০০৯-এর ৭৭ ধারায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তাদেরকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় স্থানীয় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, নগরীর আবাসিক হোটেলগুলোতে অবৈধ ও অসামাজিক কার্যকলাপ বন্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে