জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় অভিমানে বিষপান করে রাজন (২১) নামে এক ডেকোরেটর শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মামুদপুর ইউনিয়নের দক্ষিণ জিয়াপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবক রাজন ওই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। তিনি পেশায় ডেকোরেটর শ্রমিক ছিলেন এবং পরিবারের সঙ্গে বসবাস করতেন। স্থানীয় সূত্রে জানা গেছে, পছন্দের মেয়ের সঙ্গে বিয়ে না দেওয়ায় বাবার ওপর অভিমান করে রোববার সন্ধ্যার দিকে রাজন বিষপান করেন। পরে বিষয়টি টের পেয়ে পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে জয়পুরহাট আধুনিক হাসপাতালে নেওয়ার উদ্দেশ্যে রওনা দেন। তবে পথিমধ্যেই তার মৃত্যু হয়। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় ইউপি সদস্য বক্কর ও এলাকাবাসী জানান, পারিবারিক কলহের জেরেই এ আত্মহত্যার ঘটনা ঘটেছে। এ বিষয়ে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মখলেছুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।