চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাউজানে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। রোববার (১২ এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলার উরকিরচর ইউনিয়নের মিয়ারঘাটা ব্রিকফিল্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন। নিহত অটোরিকশাচালক ছালে আহমেদের পুত্র মুহাম্মদ নজরুল ইসলাম (৩২) উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের মীরধারপাড়া গ্রামের বাসিন্দা। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, কাপ্তাই রাস্তার মাথাগামী একটি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সংঘর্ষ হলে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক নজরুল ইসলাম নিহত হন। দুর্ঘটনার পরপরই ক্ষুব্ধ জনতা ঘটনাস্থলে থাকা সৌদিয়া পরিবহন ও কর্ণফুলী পরিবহনের দুটি বাসে আগুন ধরিয়ে দেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত পৌনে ১২টা পর্যন্ত বাস দুটি জ্বলছিল। খবর পেয়ে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানো ও আইনশৃঙ্খলা স্বাভাবিক করার চেষ্টা চালায়। রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাজেদুল ইসলাম বলেন, “দুর্ঘটনায় একজন চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন এবং কয়েকজন আহত হয়েছেন। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা দুটি বাসে আগুন দেয়। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”