খাল কাটা সম্পন্ন হলে জীববৈচিত্রের ভারসাম্য রক্ষা হবে: এমপি বাবুল

এফএনএস (রওশন জাহান; মহাদেবপুর, নওগাঁ) : | প্রকাশ: ১৩ এপ্রিল, ২০২৬, ০৭:২৩ পিএম
খাল কাটা সম্পন্ন হলে জীববৈচিত্রের ভারসাম্য রক্ষা হবে: এমপি বাবুল

নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের এমপি ফজলে হুদা বাবুল বলেছেন, “খাল কাটা সম্পন্ন হলে আমাদের জীববৈচিত্রের ভারসাম্য রক্ষা হবে। এখন মরা খালগুলোর পাশ দিয়ে গেলে প্রচুর পোকা আমাদের আক্রমণ করে। কারণ পোকা খাওয়ার কোন প্রাণি নেই। খাল খনন সম্পন্ন হলে খালের পানিতে সাপ থাকবে, কুইচ্চা থাকবে, বেঙ থাকবে, কাঁকড়া থাকবে, মাছ থাকবে। এরা পোকার বংশ বিস্তার রোধ করবে।”

এমপি বলেন, “এখন আমি যেই হই না কেন, কৈশোরে আমি খালের পানিতে হাস্তিয়ে চ্যাং মাছ ধরার ছেলে। এখন খালগুলো আর আগের মত নেই।” তিনি বলেন, “আমার পেশা রাজনীতি। রাজনীতির সংস্কার না হলে সরকারের সংস্কার হবেনা। রাজনীতির বোঝাপড়া ঠিক না হলে সমাজনীতি চলবেনা। রাজনীতির লাইন ঠিক না থাকলে অর্থনীতির লাইন ঠিক থাকবেনা। রাজনীতির লাইন যদি আঁকা বাঁকা হয়, সমাজনীতিও আঁকা বাঁকা হবে। এজন্য আমি চাই সবাই মিলে আগামীতে কাজগুলো করবো। এখানে ইগ্যোর কোন স্থান নেই। এমপি কারো সাথে হেসে কথা বললো, তার মানে এমপি তাকে বেশি ভালবাসে, এরকম কোন স্থান নেই। সাধারণ মানুষের সমর্থনে আমি এমপি হয়েছি। সুতরাং এখানে অসঙ্গতিপূর্ণ কোন কিছু দেখার সুযোগ নেই।” সোমবার (১৩ এপ্রিল) দুপুরে এমপি তার নির্বাচনী এলাকা নওগাঁর মহাদেবপুর উপজেলার রাইগাাঁ ইউনিয়নের নারায়নপুর ব্রীজ হতে কুড়াইল গ্রামের শেষ মাথা পর্যন্ত খাল পূণ:খনন কাজের উদ্বোধন উপলক্ষে ওই ব্রীজের পাশে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দানকালে কথাগুলো বলেন। রাইগাঁ ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব শহীদুল ইসলাম এতে সভাপতিত্ব করেন। ইউনিয়ন কৃষক দল নেতা সানোয়ার হোসেন মানিকের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, সদ্য যোগদান করা ইউএনও মানজুরা মুশাররফ, রাইগাঁ ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আরিফুর রহমান আরিফ প্রমুখ। সমাবেশে অন্যদের মধ্যে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জান্নানতুন নাঈম বিনতে আজিজ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা গোলাম রাব্বানী, উপজেলা ও ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এমপি নিজে কোদাল হাতে মাটি কেটে আনুষ্ঠানিকভাবে খাল খনন উদ্বোধন করেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানান, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ২ দশমিক ৩ কিলোমিটার দীর্ঘ এ খালটির পূণ:খনন প্রকল্পটি বাস্তবায়ন করছে। এজন্য বরাদ্দ করা হয়েছে ২৭ লাখ ৪০ হাজার টাকা।

আপনার জেলার সংবাদ পড়তে