সাংবাদিকদের জন্য আলাদা চত্বর: এমপির ব্যতিক্রমী উদ্যোগ

এফএনএস (অমলেশ কুমার মালাকার; পলাশবাড়ী, গাইবান্ধা) :
| আপডেট: ১৪ এপ্রিল, ২০২৬, ০৩:৫০ পিএম | প্রকাশ: ১৪ এপ্রিল, ২০২৬, ০৩:৫০ পিএম
সাংবাদিকদের জন্য আলাদা চত্বর: এমপির ব্যতিক্রমী উদ্যোগ

 গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার একটি দখলমুক্ত ফাঁকা জায়গাকে ‘গণমাধ্যম চত্বর’ হিসেবে ঘোষণা করেছেন স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু। সোমবার বাদ আছর স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে তিনি আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।

পৌরসভার ভুমি রেজিস্ট্রার অফিসের উত্তর পাশে ইউনিক  স্কুল রোড সংলগ্ন দীর্ঘদিন বেদখলে থাকা জায়গাটি সম্প্রতি দখলমুক্ত করা হয়। পরবর্তীতে সেখানে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে সংসদ সদস্য জায়গাটিকে গণমাধ্যমকর্মীদের মিলনস্থল হিসেবে ব্যবহারের ঘোষণা দেন।

সেই সাথে স্থানটি উপযুক্ত বসার পরিবেশসহ দৃষ্টিনন্দন করার প্রত্যাশাও ব্যক্ত করেন।

সংসদ সদস্য মাওলানা নজরুল ইসলাম লেবু বলেন, “এই স্থানটি সাংবাদিক ও সাধারণ মানুষের স্বার্থে উন্মুক্ত থাকবে। ভবিষ্যতে যাতে জায়গাটি পুনরায় দখলের শিকার না হয়, সে বিষয়ে পৌর প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।” তিনি আরও জানান, গণমাধ্যমকর্মীদের পেশাগত মর্যাদা রক্ষা এবং তাঁদের মধ্যে ঐক্য সুদৃঢ় করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন পলাশবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পাপুল সরকার, মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদার রহমান মাসুদ, সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন, সাবেক সহসভাপতি ফেরদাউছ মিয়া, খবরবাড়ি টুয়েন্টি ফোর ডটকমের সম্পাদক ও প্রকাশক মুশফিকুর রহমান মিল্টন এবং সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ আব্দুল মতিন।

এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক বিদুষ রায়, ওমর ফারুক, মাসুদ রানা সহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।

স্থানীয় সাংবাদিকেরা এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাঁদের মতে, প্রস্তাবিত ‘গণমাধ্যম চত্বর’ বাস্তবায়িত হলে পলাশবাড়ীর সাংবাদিকদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে এবং পেশাগত যোগাযোগ ও ঐক্য আরও শক্তিশালী হবে।

আপনার জেলার সংবাদ পড়তে