জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে রংপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে রোববার (২৮ জুন) নগরজুড়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম শুরু হয়েছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পরিচালিত এ কর্মসূচির আওতায় নগরীর ৮৬ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়।
সকালে রংপুর সিটি কর্পোরেশনের স্থায়ী টিকাদান কেন্দ্র ও নগর ভবনে আয়োজিত অনুষ্ঠানে কর্মসূচির উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের সম্পত্তি কর্মকর্তা রুবেল রানা। এ সময় রাজস্ব কর্মকর্তা রাজকুমার, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের (ডব্লিউএইচও) ডা. জুবায়ের আলম মামুন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. কামরুজ্জামান ইবনে তাজ এবং মেডিকেল অফিসার ডা. পলাশ কুমার রায় উপস্থিত ছিলেন। প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. কামরুজ্জামান ইবনে তাজ জানান, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রংপুর সিটি কর্পোরেশন এলাকায় মোট ৮৬ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ১৬ হাজার ৬২৯ জন শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৬৯ হাজার ৩৭১ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল দেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, কর্মসূচি বাস্তবায়নে ৬৬৬ জন সুপারভাইজার, স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছেন। নগরীর বিভিন্ন কেন্দ্র থেকে শিশুদের ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। সকাল থেকে অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে এবং টিকাদান কেন্দ্রগুলোর পরিবেশ নিয়ে তারা সন্তোষ প্রকাশ করেছেন। এখন পর্যন্ত ভিটামিন ‘এ’ ক্যাপসুল গ্রহণের পর কোনো শিশু অসুস্থ হওয়ার খবর পাওয়া যায়নি বলেও জানান তিনি। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে পরিচালিত এ জাতীয় কর্মসূচির মাধ্যমে শিশুদের ভিটামিন ‘এ’-এর ঘাটতি পূরণ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং অপুষ্টিজনিত জটিলতা কমিয়ে আনার লক্ষ্যে দেশব্যাপী একযোগে ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে।