বিলুপ্তপ্রায় দেশীয় ফল ও পিঠার আপ্যায়নে পিরোজপুরে বর্ষবরণ

এফএনএস (মোঃ রেজাউল ইসলাম শামীম; পিরোজপুর) : | প্রকাশ: ১৪ এপ্রিল, ২০২৬, ০৩:৫৩ পিএম
বিলুপ্তপ্রায় দেশীয় ফল ও পিঠার আপ্যায়নে পিরোজপুরে বর্ষবরণ

বিলুপ্তপ্রায় দেশীয় ফল ও পিঠার আপ্যায়নে পিরোজপুরে একটি সংগঠন  ব্যতিক্রমী বর্ষবরণ উদযাপন করেছে। জাতীয়তাবাদী বন্ধুমহল নামের ওই সংগঠনটি আজ মঙ্গলবার সকাল ৯ টা থেকে স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে শতাধিক প্রকারের না না জাতের দেশী ফল ও পিঠার সমাহারে বর্ষবরণ উৎসব পালন করে। সারি সারি দৃষ্টি নন্দন মাটির পাত্রে রাখা ওইসব পিঠা ও ফল দর্শানার্থীদের বেশ আকর্ষণ করেছিলো। ফল এবং পিঠার মধ্যে ছিলো কাটাবহরি, বেতফল, করমজা, গোলপাতা ফল, বিলম্বী, আতাফল, সরূপা ফলসহ ৩৪ প্রকারের ফল এবং তাক্বান পিঠা, চুই পিঠা, পুলি, ভাপা পুলি, দুধকদু, ঝিনুক পিঠা, দুধগজা, ধুপি পিঠা, গড়া পিঠাসহ অর্ধশতাধিক রকম পিঠা। উৎসবে আগতদের দেখা গেছে  মাটির পাত্র হাতে বুফে পদ্ধতিতে ঘুরে ঘুরে নিজ নিজ পছন্দের ফল ও পিঠা নিয়ে নির্ধারিত আসনে বসে খাচ্ছেন। 

ওই সংগঠনের আহবায়ক নাসির উদ্দিন বাচ্চু ও সদস্য সচিব আসাদুজ্জামান মিঠু জানিয়েছেন তারা ২০১৪ সাল থেকে এ ব্যতিক্রমী উদ্যোগে বর্ষবরণ করে আসছে। এরকম উদ্যোগের কারন হিসেবে তারা বলেন, আমাদের দেশ থেকে অনেক দেশীয় ফল ও পিঠা ক্রমান্বয়ে হারিয়ে যাচ্ছে। ওইসব ফল ও পিঠাকে এ প্রজন্মকে পরিচয় করিয়ে দিতে এবং এর স্বাদ গ্রহন করাতে মূলত প্রায় এক যুগ ধরে প্রতি নববর্ষে এরকম আয়োজন করে থাকি। ফল-পিঠা সমাহারের এ বর্ষবরণে আসা এক সংস্কৃতি কর্মী খালিদ আবু জানান, এটি একটি ভালো উদ্যোগ। বছরে একবার হলেও বর্তমান প্রজন্মের শিশু-কিশোররা আমাদের বিলুপ্তপ্রায় ফল ও পিঠা সম্পর্কে জানতে পারে একই সাথে এর স্বাদও নিতে পারে।

আপনার জেলার সংবাদ পড়তে