জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা প্রশাসনের উদ্যোগে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলা নববর্ষ-১৪৩৩ বরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে মঙ্গল শোভাযাত্রা, ঐতিহ্যবাহী পান্তা-ইলিশ ভোজ ও বৈশাখী মেলার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী পান্তা ভাত ও ইলিশ মাছ ভাজি উৎসবের আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা চৌধুরী।
পান্তা উৎসবে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুর রউফ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওবায়েদুর রহমানসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ক্ষেতলাল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোফাজ্জল হোসেন, আজাহার আলী। জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওবায়েদুর রহমান সুইট, উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমান, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, পৌর বিএনপির সভাপতি প্রভাষক আব্দুল আলিম ও সাধারণ সম্পাদক প্রভাষক নাফিউল হাদী মিঠু ও সাবেক কাউন্সিলর ছাত্র নেতা আলিমুজ্জামান সেলিম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
নববর্ষের এই উৎসবকে ঘিরে উপজেলা চত্বরে এক ভিন্নধর্মী আবহের সৃষ্টি হয়। প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও রাজনৈতিক নেতৃবৃন্দ বৈশাখী সাজে সজ্জিত হয়ে অনুষ্ঠানে যোগ দেন। বিশেষ করে পুরুষদের পরনে ছিল গেরুয়া রঙের পাঞ্জাবি এবং নারীদের পরনে ছিল একই রঙের শাড়ি। অনুষ্ঠানে উপস্থিত সকলে একে অপরের সাথে কুশল বিনিময় এবং ফটোসেশন ও সেলফিতে মেতে ওঠেন।
মেলায় আসা সাধারণ দর্শনার্থীদের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ছিল বিশেষ আয়োজন। মেলার মূল আকর্ষণ হিসেবে প্রায় ১০০ কেজি চালের পান্তা ভাত, উপস্থিত শত শত দর্শনার্থীর মাঝে পরিবেশন করা হয়। বাঙালির চিরায়ত এই সংস্কৃতি উপভোগ করতে মেলা প্রাঙ্গণে ভিড় জমান তরুণ তরুণী ও বিভিন্ন শ্রেনীর পেশাজীবি মানুষ।
বিকেলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী এই উৎসবের সমাপ্তি ঘটে।